আখাউড়ায় রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে মানুষের পাশে ‘আত্মীয়’

এক ফ্রেমে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’–এর সদস্যরা।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তের প্রয়োজন? একটি নম্বরে ফোন করলেই রক্তদাতা হাজির হয়ে যান। সময় দিন হোক বা রাত, কোনো সমস্যা নেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন ‘আত্মীয়’ এভাবেই মানুষের জরুরি প্রয়োজনে পাশে দাঁড়িয়ে আসছে। সংগঠনটি দুই বছর ধরে রক্তদানের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘আত্মীয়’। আজ সোমবার সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ‘প্রকৃতি উৎসব’ নামের এবারের আয়োজনের মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ফলের বাগান গড়ে তোলা। এ ছাড়া মাসব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত সমীর চক্রবর্তী নামের এক যুবক এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক। মূলত তাঁর নেতৃত্বে একঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়ে গড়ে উঠেছে সংগঠনটি। এ ছাড়া শাহবুদ্দিন বেগ, শেখ দীপু, সুজন সাহা, এম আর আই রাকিব, রাকিবা হাবিব অয়ন, হৃদয় দেব, সুদীপ্ত সাহা, কিবরিয়া, মমতা ঘোষসহ ২০-২৫ জনের একটি তরুণ দল সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে থাকেন।

তবে সংগঠনটি রক্তদানের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি। রক্তদানের পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হাসপাতালে রোগী, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত ও শ্রমিকদের মধ্যে ভালোবাসা হিসেবে ফলমূল বিতরণ, করোনার সময়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের নিয়মতি ফল ও দুধ বিতরণ, সুরক্ষাসামগ্রী বিতরণ, টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন সংগঠনের সদস্যরা। প্রায় প্রতি মাসেই ‘আত্মীয় আড্ডা’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই আড্ডায় রক্তদানের বিষয়ে উদ্বুদ্ধ করার আলোচনাসহ গান, কবিতার আয়োজন করা হয়।

আত্মীয় নামের সংগঠনটি যে সত্যিকার অর্থেই মানুষকে বাঁচাতে কাজ করে, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এক ঘণ্টার কম সময়ে আমার বোনের জন্য চার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিল তাঁরা। সেদিন ছিল ঈদের দিন। কেউ কোরবানি ফেলে, কেউবা বাড়িতে অন্য অনুষ্ঠান রেখে রক্ত দিতে ছুটে আসে।
রাজীব সাহা, বাসিন্দা, আখাউড়া, রাধানগর

গত বছর সংগঠনটির ওয়েবসাইট (attiya.info) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আত্মীয় আমাকে গৌরবান্বিত করেছে। তারা যেভাবে আমার সংসদীয় এলাকায় মানুষের প্রয়োজনে রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছে, তাতে আমি সত্যিই অভিভূত।’

সংগঠন সূত্রে জানা গেছে, গত দুই বছরে সংগঠনের পক্ষ থেকে মোট ৪১৭ বার রক্তদান করা হয়েছে। আর সংগঠনটির মোট নিবন্ধিত রক্তদাতার সংখ্যা ১ হাজার ১৫ জন। এর বাইরেও আত্মীয়ের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিয়ে থাকেন। আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, সাংবাদিক বিশ্বজিৎ পাল, বন্ধুসভার সদস্য আরেফিন শোভনসহ অনেকেই আত্মীয়ের জন্য রাতবিরাতে রক্ত দিতে ছুটে গেছেন।

সাংবাদিক বিশ্বজিৎ পাল বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছা রক্তদানের। কিন্তু সঠিক কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। সেই পথ দেখায় আত্মীয়। শুরু করি রক্ত দেওয়া। গত দুই বছরে পাঁচবার রক্ত দিয়েছি। প্রতিবারই দেখেছি, রক্তগ্রহীতাদের সেকি আবেগ এইটুকু রক্তের জন্য! আত্মীয় মানুষের প্রাণ বাঁচাতে যেভাবে কাজ করে যাচ্ছে, সেটা দেখে সত্যিকার অর্থেই মন জুড়ায়, মুগ্ধ হতে হয়। সংগঠনটি এখন গণমানুষের সংগঠন হিসেবে পরিণত হয়েছে।’

আত্মীয়ের মাধ্যমে বোনকে বাঁচাতে পেরে আখাউড়ার রাধানগরের রাজীব সাহা নামের এক যুবক বলেন, ‘আত্মীয় নামের সংগঠনটি যে সত্যিকার অর্থেই মানুষকে বাঁচাতে কাজ করে, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এক ঘণ্টার কম সময়ে আমার বোনের জন্য চার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছিল তাঁরা। সেদিন ছিল ঈদের দিন। কেউ কোরবানি ফেলে, কেউবা বাড়িতে অন্য অনুষ্ঠান রেখে রক্ত দিতে ছুটে আসে। এখন থেকে যদি কারও রক্তের প্রয়োজন হয়, তাহলে আমি যখন যে অবস্থাতেই থাকি না কেন, ছুটে যাব।’

আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী বলেন, ‘সব শ্রেণি–পেশার মানুষের সমন্বয়ে আত্মীয় এখন অনেক সমৃদ্ধ একটি সংগঠন। রক্তের প্রয়োজনে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে যেভাবে এগোতে চাই, সেটা অনেকটাই সম্ভব হয়েছে এলাকার মানুষের ব্যাপক সাড়ায়।’

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা বলেন, ‘আত্মীয় সত্যিকার অর্থেই স্বার্থহীনভাবে মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। একদল তরুণ যে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই অনেক গর্ব করার মতো। আত্মীয়ের আহ্বানে সাড়া দিয়ে একদিন রাত ১২টার পর আমিও ছুটে যাই রক্ত দিতে, যা আমার কাছে অনেক সৌভাগ্যের মনে হয়েছে। আত্মীয়ের যেকোনো প্রয়োজনে স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হকও পাশে থাকবেন বলে জানিয়েছেন।’