আখাউড়ায় সব খাল উদ্ধার ও দূষণ রোধের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালন্দি খালসহ সব খাল উদ্ধার ও দূষণমুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উপজেলার সড়ক বাজারে অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আখাউড়া-আগরতলা চেকপোস্ট থেকে শুরু হওয়া কালন্দি খাল পৌর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে তিতাস নদে গিয়ে মিলিত হয়েছে। পৌর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের দখল আর দূষণে খালটি এখন মৃতপ্রায়। পৌর এলাকার সড়ক বাজারসহ বিভিন্ন এলাকায় খাল সরু হয়ে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। খালটি উদ্ধারে জোর দিয়ে বক্তব্য দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোবারক হোসেন, নদী রক্ষার সামাজিক সংগঠন নোঙরের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক রুবেল আহমেদ ও স্থানীয় যুবরাজ সাহা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শিপন হায়দার এবং কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা প্রশাসনের নাকের ডকায় কালন্দি খালে দখল ও দূষণ চলছে। খালের সড়ক বাজার অংশের দুই পাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীরা অবৈধভাবে দখল করে পাড়ের ওপর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন। কিন্তু এসব উদ্ধারে প্রশাসন নীরব রয়েছে। সম্প্রতি আখাউড়ায় ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে। যদি ত্রিপুরার পাহাড়ি পানি এই খাল দিয়ে প্রবাহিত হতে পারত, তাহলে আখাউড়ায় বন্যার পরিবেশ সৃষ্টি হতো না।
আখাউড়ায় বন্যা পরিস্থিতি যতটা না প্রাকৃতিক, এর চেয়ে বেশি মানবসৃষ্ট বলে উল্লেখ করেন বক্তারা। তাঁদের ভাষ্য, আখাউড়ায় বন্যা পরিস্থিতির জন্য কালন্দি খালের দখল আর দূষণ দায়ী। উপজেলার বড় বাজারের ঢাকার হোটেলের অংশ দিয়ে গিয়ে খালটি তিতাসে মিলিত হয়েছে। কিন্তু সেখানে ময়লা-আবর্জনা এত পরিমাণ ফেলা হয়েছে যে খালের ওপর দিয়ে হাঁটা যাবে।
মানববন্ধন শেষে বিকেল সাড়ে চারটার দিকে কালিন্দসহ উপজেলার সব খাল দখল ও দূষণের কবল থেকে মুক্ত করার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কমিশনার (ইউএনও) পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
প্রশান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, এখানে তিনি নতুন যোগদান করেছেন। তবে দখল ও দূষণের বিষয়টি তাঁর চোখে পড়েছে। জেলা প্রশাসক মানচিত্র থেকে খালের দৈর্ঘ্য ও প্রস্থ করার নির্দেশনা দিয়েছেন। খাল দখল ও দূষণমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।