
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নেমেছে।
আজ ভোর থেকেই টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।
গত রাতে বিশ্ব ইজতেমায় আসা তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়। আজ ফজরের নামজের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম।
এ বছর আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা সা’দ। মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ান করবেন।
আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি পায়ে হেঁটে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন। মোনাজাতে অংশ নিতে বিপুল সংখ্যক নারী মুসল্লি ইজতেমা ময়দানের আশপাশের সড়কে সকাল থেকে অবস্থান নিয়েছেন।
আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।