
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।
মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়ার পাশাপাশি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত ও শান্তি কামনা করেছেন লাখো মুসল্লি।
আখেরি মোনাজাতে অংশ নিতে আজ রোববার টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরই মাঝে বেলা ১১টা ১৬ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় ১১টা ৪৮ মিনিটে।
বিনম্র সুরে আল্লাহর কাছে আকুতি জানিয়ে মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সা’দ। তাঁর সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনি তোলেন। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে তুরাগ নদের চারপাশের এলাকায়।
মোনাজাতে অংশ নিতে ভোররাত থেকে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান অনেক মুসল্লি। সকাল আটটার আগেই ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে অবস্থান নেন।
ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কে অবস্থান নেন। আখেরি মোনাজাতের জন্য তাঁরা পুরোনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন। পার্শ্ববর্তী তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকান ও যানবাহনের ছাদ এবং তুরাগ নদে অনেক নৌকায় অবস্থান নেন মুসল্লিরা।
ইজতেমার তিন দিনের বয়ান শুনতে মুসল্লিদের বেশির ভাগ প্রথম দিনই তুরাগতীরে সমবেত হন। যাঁরা নিয়মিত বয়ান শুনতে পারেননি, তাঁদের মধ্যে অনেকেই নিয়ত করেছিলেন আখেরি মোনাজাতে অংশ নিতে। বিশেষ করে রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার মানুষ ফজরের সময় থেকেই টঙ্গী অভিমুখে যাত্রা শুরু করেন আখেরি মোনাজাতে শরিক হতে। আখেরি মোনাজাত উপলক্ষে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস আজ ছুটি। নানা বয়সী ও পেশার মানুষ, এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে সকালেই টঙ্গী এলাকায় পৌঁছান। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দেন মুসল্লিরা।
ঢাকার রমনা উদ্যানসংলগ্ন কাকরাইল মসজিদে ১৯৪৬ সালে প্রথম ইজতেমার আয়োজন করা হয়। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৪৮ সালে ইজতেমার স্থান পরিবর্তন করে বর্তমান হাজি ক্যাম্পের স্থলে নেওয়া হয়। ১৯৫৮ সালে ইজতেমা হয় সিদ্ধিরগঞ্জে।
মুসল্লি আরও বাড়তে থাকায় সিদ্ধিরগঞ্জ থেকে ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগতীরের মাঠে ইজতেমার স্থান নির্ধারণ করা হয়। সেই মাঠেও স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।