আখেরি মোনাজাতে শেষ হলো রাজশাহী অঞ্চলের ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার রাজশাহীতে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে এ ইজতেমায় বিভাগের বিভিন্ন জেলার তাবলিগ জামাতের সদস্যরা অংশ নেন।

গতকাল বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বাংলাদেশ ও গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ ছাড়া ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের শান্তির পথে ফিরে আসার আহ্বান জানানো হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাজশাহী নগর ছাড়াও দূরদূরান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল সকাল থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা ১১টার আগেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা মানুষে পূর্ণ হয়ে যায়।

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।