ঠাকুরগাঁওয়ে সরেজমিন
আগাম আমনের খেতে ধান কাটার ব্যস্ততা
জেলায় কৃষকেরা ২৩ হাজার ১১৫ হেক্টর জমিতে আগাম হাইব্রিড জাতের আমনের চাষ করেছেন। বাজারে দামও ভালো
ঠাকুরগাঁও সদরের ইউনিয়ন পর্যায়ের প্রধান সড়কগুলো পাকা। সড়কের দুই পাশে গাছের সারি। ডানে-বাঁয়ে ফসলি জমি, ঝোপঝাড়, পাড়া-মহল্লা, বাজার। গতকাল শুক্রবার সদরের জগন্নাথপুর, গৌরীপুর ও উনত্রিশ মাইল এলাকার পথ দিয়ে যেতে চোখে পড়ে বিস্তীর্ণ আমন খেত। কোনো কোনো খেতের ধান পাকতে শুরু করেছে। খেত থেকে সেসব ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা।
পথে থামলে এসব এলাকার কয়েকজন কৃষক জানান, এ বছর আমন ধানের উৎপাদন হচ্ছে একরপ্রতি (১০০ শতক) ৫৪ থেকে ৬০ মণ। খরচ হয়েছে ২৫ থেকে ২৭ হাজার টাকা। বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। সে হিসাবে প্রতি একরে উৎপাদিত ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে ৩৮ হাজার টাকার বেশি। এই ধান কাটার পর জমিতে আগাম আলু চাষের সুযোগ পাচ্ছেন তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেল, আশ্বিন-কার্তিক মাসে এই অঞ্চলে একসময় কাজের সংকট ছিল। কৃষক-দিনমজুরসহ সবাই প্রায় বেকার হয়ে যেতেন। তা দূর করতে আগাম জাতের আমন ধান চাষ শুরু করা হয়। জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৩৭ হাজার ২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১৫ হেক্টরে। এর মধ্যে কৃষকেরা ২৩ হাজার ১১৫ হেক্টর জমিতে আগাম হাইব্রিড জাতের আমনের চাষ করেছেন। হাইব্রিড ছাড়াও উচ্চ ফলনশীল বিনা-১৭, ব্রি-৭৫, ব্রি-৮৭ জাতের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। জেলায় এ পর্যন্ত ৯৫০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে।
সদর উপজেলার উনত্রিশ মাইল এলাকার কৃষক আনোয়ার হোসেন (৩৯) দুই একর জমিতে হাইব্রিড ধানের চাষ করেছিলেন। এখন জমির সেই ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তিনি। আনোয়ার বলেন, এবার ফলনের পাশাপাশি ধানের দামও ভালো। আর এতেই কৃষকেরা খুশি।
জগন্নাথপুর গ্রামের আরেক কৃষক রফিকুল ইসলাম (৫৮) দুই বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন। ফলনের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, খরচ আর ধানের দাম মিলিয়ে এবার মোটামুটি লাভ হবে। ধান উঠলে যে টাকা হাতে আসবে, তা আবার আলুর আবাদে খরচ করবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, স্বল্পমেয়াদি ফসলের কারণে আগাম জাতের আমন চাষে এই অঞ্চলের কৃষকদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। চলতি মৌসুমে রোগবালাইয়ের জন্য অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়নি। ফলে উৎপাদনে খরচও কম হয়েছে। ভালো দাম থাকায় কৃষকেরাও খুশি।