আগাম তালিকা চাওয়ায় ক্ষুব্ধ চট্টগ্রাম বিএনপি গ্রেপ্তারের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলিং এজেন্টদের নামের তালিকা ভোটের দুই দিন আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে রাজি নন চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। আগেভাগে তালিকা পাঠানো হলে তা দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন নেতারা।
২৬ এপ্রিলের মধ্যে পোলিং এজেন্টদের নামের তালিকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বিষয়টি প্রার্থীদের জানান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সাধারণত নির্বাচনের দিন সকালে প্রতি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে প্রার্থীদের পক্ষে পোলিং এজেন্টদের তালিকা জমা দেওয়া হয়। চট্টগ্রাম সিটি নির্বাচনে মোট কেন্দ্র ৭১৯টি। কিন্তু আগেই পোলিং এজেন্টদের তালিকা চাওয়ায় গতকাল মুঠোফোনে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপি নেতা রিটার্নিং কর্মকর্তাকে জানান, প্রথা ভেঙে আগেভাগে তিনি তালিকা দেবেন না। ফোনালাপের সময় আমীর খসরুকে বেশ কয়েকবার উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। নির্বাচনসংক্রান্ত প্রতিবেদনের জন্য বক্তব্য জানতে এ প্রতিবেদক তখন তাঁর বাসায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা দুই দিন আগে আমাদের পোলিং এজেন্টদের নামের তালিকা চেয়েছেন। আমি স্পষ্ট বলেছি, এটা সম্ভব নয়। কারণ, আগেভাগে তালিকা জমা দিলে বেশির ভাগ পোলিং এজেন্ট গ্রেপ্তার হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আমরা জেনেশুনে নেতা-কর্মীদের বিপদে ঠেলে দিতে পারি না।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘উনি (আমীর খসরু) সম্মানিত ব্যক্তি। পোলিং এজেন্টদের নামের তালিকা সরবরাহ নিয়ে তিনি একটু গরম হয়ে যান। তবুও তাঁর বক্তব্য আমরা শুনেছি। সবকিছু বিধিমালা মেনেই হবে।’
ভোটের চার দিন আগে পোলিং এজেন্টদের তালিকা চাওয়ার বিষয়ে মো. আবদুল বাতেন জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো বইয়ে ২৪ ঘণ্টা আগে পোলিং এজেন্টদের তালিকা নেওয়ার কথা বলা হয়েছে। তবে বিধিমালায় বলা হয়েছে ভোট গ্রহণের পূর্বমুহূর্তে। তাই বইয়ের বিষয়টি অনুসরণ করে তিনি তালিকা চেয়েছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, পতেঙ্গা, বন্দর, কাট্টলীসহ বিভিন্ন এলাকায় পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করেছে। পোলিং এজেন্টদের নামের তালিকার জন্য পতেঙ্গা থানার এএসআই সাজ্জাদ হোসেন সেখানে নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছেন। কয়েক দিন আগে বন্দর এলাকায় পোস্টার টাঙানোর সময় বিএনপির দুজন কর্মীকে গ্রেপ্তার করেছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন। ওই দুই পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, তিনি এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাননি। পেলে ব্যবস্থা নেবেন।
অভিযোগের বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এসআই শামীম হোসেন গাড়ি পোড়ানোর মামলায় সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করেছেন। ওই আসামিরা দীর্ঘদিন এলাকায় ছিল না।’
পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, সাজ্জাদ হোসেন পোলিং এজেন্টদের তালিকা চেয়ে কারও বাসায় অভিযান চালিয়েছেন কি না তা তাঁর জানা নেই।
প্রচারণায় বাধা: বায়েজিদ, পতেঙ্গা, বন্দর, হালিশহরসহ বিভিন্ন জায়গায় মেয়র পদপ্রার্থী মনজুর আলমের প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে বায়েজিদ থানাধীন ২ নম্বর ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্র রয়েছে। সেখানে ৫০ হাজারের বেশি ভোটার রয়েছেন। মনজুর আলমের লোকজন ওই ওয়ার্ডে প্রকাশ্যে প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘২ নম্বর ওয়ার্ডে আমাদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। সাবেক হুইপ ওয়াহিদুল আলমের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় দ্বিগুণ উৎসাহে আমাদের প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ দিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হবে। ওয়াহিদুল আলমের ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা নিয়েছে। কারণ, ওই ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছিল।
বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ‘আমার থানার ৬১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমি প্রতিবেদন পাঠিয়েছি। নির্বাচনের দিন নিরাপত্তা জোরদারের কথা বলেছি। তবে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা নিয়েছি। মনজুর আলমের গণসংযোগের দিন আমি তাঁর নিরাপত্তা দিয়েছি।’