খুলনা নগরের মানুষের শতভাগ সুপেয় পানির চাহিদা মেটাতে পাইপলাইন বসানোর কাজ করছে ওয়াসা। আগামী বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। তখন নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ কথা জানিয়েছেন।
গতকাল শনিবার নগরের উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক গণশুনানিতে এ কথা বলেন ওয়াসার এই কর্মকর্তা। খুলনা ওয়াসার সেবা-সম্পর্কিত বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও জন-অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করে সনাক খুলনা শাখা।
এতে ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আরও বলেন, নগরের সব গ্রাহকের মাঝে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন ব্যাসের প্রায় ৬৫০ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ চলছে। ইতিমধ্যে ৫২৫ কিলোমিটার পাইপ বসানোর কাজ শেষ করা হয়েছে। এই কাজের অংশ হিসেবে বড় ব্যাসের পাইপ বসানোর জন্য রাস্তা কাটা হচ্ছে। বৃষ্টির কারণে ওয়াসার চলমান প্রকল্পের আওতায় খুঁড়ে রাখা সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণে যাতায়াতে সাময়িক অসুবিধার জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।
সনাকের খুলনা শাখার সভাপতি আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) স্বপন কুমার মণ্ডল, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) এম ডি কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, খুলনা ওয়াসার সব কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। হট লাইন চালু, ই-বিল ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯ সালের মধ্যে পয়োনিষ্কাশনব্যবস্থাও চালু করা হতে পারে।