‘আগুন’ ‘আগুন’ চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন ঘরে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ
পঞ্চগড়ে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মো. গোলাম আজম (৫২) নামের এক পাথর ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ারপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যবসায়ী পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়েছে পঞ্চগড় সদর থানা–পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় ধাক্কামারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স–সংলগ্ন গোলাম আজমের বাড়িতে হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনে এগিয়ে যান স্থানীয় লোকজন। পরে তাঁরা বাড়িতে প্রবেশ করে গোলাম আজমের শয়নকক্ষে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। চিৎকারের সময় গোলাম আজমের বাড়িতে তাঁর স্ত্রী, ছোট ছেলে ও মেয়ে ছিলেন। তাঁরা লাশের পাশে বসে কাঁদছিলেন। পড়াশোনার কারণে তাঁদের বড় ছেলে পঞ্চগড়ের বাইরে থাকেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই বাড়িতে যান। রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও থেকে পিবিআই সদস্যরা এসে লাশের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
অলিয়ার রহমান নামের স্থানীয় একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যায় আমরা ইউনিয়ন পরিষদ ভবনের সামনের দোকানে বসে ছিলাম। এ সময় গোলাম আজমের বাড়ি থেকে আগুন আগুন বলে চিৎকার শোনা যাচ্ছিল। আমরা দৌড়ে বাড়িতে যেতে চাইলে বাড়ির বাইরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে কেউ একজন দেয়াল টপকে দরজা খুলে দিলে আমরা দোকানগুলোতে থাকা গ্রামবাসী বাড়ির ভেতরে গিয়ে দেখি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। পরে দেখি গোলাম আজম তাঁর বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মাথা ও মুখে লেগে থাকা রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।’
জাহিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, গোলাম আজমের বাড়িতে স্থানীয় লোকজনের যাতায়াত খুবই কম। গত শুক্রবার গোলাম আজমকে বাড়ির বাইরে দেখেছেন তাঁরা, তবে গতকাল সারা দিন তাঁকে বাইরে দেখা যায়নি। সন্ধ্যায় গোলাম আজমের বাড়িতে চিৎকার শুনে গিয়ে দেখেন বিছানায় তাঁর রক্তাক্ত লাশ পড়ে আছে। আর লাশটি ধরে তাঁর ছোট ছেলে কান্নাকাটি করছে। এ সময় তাঁর স্ত্রী ও মেয়েও কান্নাকাটি করছিল।
নিহত গোলাম আজমের মাথায় আঘাত ও রক্ত শুকিয়ে জমাট বেঁধে যাওয়ায় হত্যাকাণ্ডটি গতকাল দুপুরের দিকে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
আজ রোববার সকালে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে গোলাম আজমের শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আমাদের সঙ্গে পিবিআই, সিআইডি, ডিবিসহ কয়েকটি টিম কাজ করছে। নিহত ব্যক্তির স্ত্রী ও ছোট ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে যাঁকে প্রয়োজন হবে, তাঁকেই জিজ্ঞাসাবাদ করা হবে। নিহত ব্যক্তির পারিবারিক বিষয়, ব্যবসায়িক দেনা-পাওনাসহ সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির বড় ছেলে এলে পরিবারের সঙ্গে কথা বলে মামলা করা হবে।