আগুন নিভিয়ে সবাই জাহাজের নিয়ন্ত্রণকক্ষে আশ্রয় নিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম
ছবি: প্রথম আলো

‘আগুন নিভিয়ে আমরা সবাই জাহাজের নিচে ইঞ্জিনের নিয়ন্ত্রণকক্ষে আশ্রয় নিই। কারণ, ওটাই সবচেয়ে নিরাপদ জায়গা। তখনো আমরা ভয় ও আতঙ্কের মধ্যে ছিলাম। আবার হামলা হতে পারে। ছিল জীবনের ঝুঁকি। ভয়ে রাতে ঘুমাতে পারিনি।’

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম হামলা হওয়ার পরের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন এভাবে।

২ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) ওই বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।

ঘটনার পর ৩ মার্চ ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের জাহাজটি থেকে উদ্ধার করা হয়। এরপর গত বুধবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপড়ার নিজ বাড়িতে ফেরেন নাবিক সৈয়দ আসিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে কথা হয়।

আরও পড়ুন

আসিফুল প্রথম আলোকে বলেন, ‘২৩ ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আমাদের জাহাজ প্রবেশ করে। যুদ্ধ যুদ্ধ ভাব চলছিল জানতাম। কিন্তু আক্রমণ হবে বা ‍যুদ্ধ শুরু হয়ে যাবে বুঝতে পারিনি। ২৪ ফেব্রুয়ারি সকালে এয়ার স্ট্রাইক শুরু হয়। তখনই আমরা আতঙ্কের মধ্যে পড়ে যাই। ওই দিন সকালেই আমাদের কাছে বার্তা আসে, যে চ্যানেল (পথ) দিয়ে আমাদের জাহাজ বের হবে, সেখানে মাইন পুঁতে রাখা হয়েছে। আমরা বুঝতে পারছিলাম, একটা ফাঁদে পড়ে গেছি। আমাদের বের হওয়া পুরোপুরি অসম্ভব। তখন কোম্পানির সঙ্গে যোগাযোগ করা শুরু করি।’

আসিফুল বলতে থাকেন, ‘২ মার্চ বিকেল পাঁচটায় জাহাজে হামলা হয়। বিমান হামলা নাকি এটা মিসাইল ছিল, আমি নিশ্চিত না। জাহাজে আগুন লেগে যায়। আমরা আগুন নেভানোর চেষ্টা করি। না হলে জাহাজে থাকা যাবে না। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর জাহাজের যে অংশে হামলা হয়েছে, সেখানে গিয়ে সহকর্মীর লাশ দেখতে পাই। আগুনে লাশটি পুড়ে গিয়েছিল। জাহাজের পুরো যোগাযোগব্যবস্থা তখন ধ্বংস। আমাদের ব্যক্তিগত মুঠোফোন ছিল। কয়েকজনের কাছে রোমিং সিম ছিল। ওই সিমকার্ডের মাধ্যমেই কল করে আমরা যে বেঁচে আছি, সেটা পরিবারকে জানিয়েছি।’

সৈয়দ আসিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ার সৈয়দ নুরুল ইসলাম ও পারভীন আক্তারের একমাত্র ছেলে। তিনি ২০১৭ সালের ১৪ এপ্রিল সরাইলের কালিকচ্ছের তানিয়া চৌধুরীকে বিয়ে করেন। আসিফুল নিরাপদে বাড়িতে ফিরতে পারায় স্বস্তিতে পরিবারের সবাই।

আরও পড়ুন

সেই বিভীষিকাময় রাতের স্মৃতিচারণা করে আসিফুল ইসলাম বলেন, ‘আবার যে হামলা হবে না, তার কোনো নিশ্চয়তা ছিল না। তবু ভয় উপেক্ষা করে জাহাজের ওপরে গিয়ে আগুনে নিভিয়েছি। মিসাইল মারা হচ্ছিল। আবার আগুনের সূত্রপাত হয় কি না, ঘণ্টা ভাগ করে পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করেছি। ভয়-আতঙ্কের পাশাপাশি ছিল জীবনের ঝুঁকিও। রাতে কেউ ঘুমাতে পারেনি।’

আসিফুল বলতে থাকেন, ‘১৮ ঘণ্টা পর উদ্ধার করে আমাদের একটি বাংকে (মাটির নিচে) নেওয়া হয়। সেখানে আমরা দুই দিন থাকি। পরে বাসে করে আমাদের ইউক্রেনের সীমান্তে নিয়ে আসা হয়। সেখানে যাওয়া পর্যন্ত কাগজপত্র যাচাইয়ের জন্য ১৭টি চেকপোস্টে সেনাসদস্যরা আমাদের গাড়ি থামান। আর ইউক্রেনের সীমান্তে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হতে চার ঘণ্টা সময় লাগে। এরপর আমরা মলডোভা থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে চলে আসি। সেখানে সবাই নিরাপদ অনুভব করতে থাকি।’

সৈয়দ আসিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে সরকার, পোল্যান্ড ও রোমানিয়ার দূতাবাস পরিকল্পনা করে হামলার ১৮ ঘণ্টা পর আমাদের বের করে নিয়ে আসে। পোলান্ড ও রোমানিয়ার দূতাবাস ২৪ ঘণ্টাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। দেশাবাসীর দোয়ায় সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে এসেছি। বাংলাদেশ সরকার, নৌ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রোমানিয়া ও পোল্যান্ডের দূতাবাসের কাছে এ জন্য আমরা কৃতজ্ঞ।’