আগুন নেভানো শেষে স্টেশনে ফিরে ফায়ার ফাইটারের মৃত্যু
রাসায়নিক কারখানার আগুন নেভানো শেষে স্টেশনে ফেরার পর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এক কর্মী। মোহাম্মদ মিলন (৩৮) নামের এই কর্মী ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার বেলা দুইটায় মিলনের মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়। মিলন চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমানের উদ্ধৃতি দিয়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রথম আলোকে জানানো হয়, আজ সকালে নগরের সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগুন নেভানোর কাজে যুক্ত ছিলেন ফায়ার ফাইটার মোহাম্মদ মিলন। আগুন নেভানো শেষে বেলা একটায় আগ্রাবাদ ফায়ার স্টেশনে ফেরেন তিনি।
তবে আসার পথে বুকে ব্যথা অনুভব করছেন বলে জানান। পরে স্টেশন থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা দুইটায় তাঁর মৃত্যু হয়।
সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। আগুনের সংবাদ পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ প্রথম আলোকে বলেন, এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা নির্ণয় করা হবে। আর আগুন লাগলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।