আগুনে পুড়ল ইমা আক্তারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে যাওয়া ছাগলের ঘরের সামনে সন্তান কোলে ইমা আক্তার। পাশে তাঁর স্বামী শামীম মিয়া। রোববার দুপুরে উপজেলার পোড়াবাসা গ্রামে
ছবি: সংগৃহীত

এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকায় দুটি ছাগল কিনে লালনপালন শুরু করেন ইমা আক্তার। সম্প্রতি ছাগল দুটি গর্ভবতী হয়। ইমা স্বপ্ন দেখা শুরু করেন, দুটি ছাগল থেকে ছয়টি ছাগল হবে। এরপর ৬টি থেকে ১২টি। সংসারে আর অভাব থাকবে না। কিন্তু ছাগলের ঘরে আগুন লেগে তাঁর দুটি ছাগলই পুড়ে মারা যায়। সেই সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ইমার স্বপ্নও।

গত শনিবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের পোড়াবাসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইমা পোড়াবাসা গ্রামের শামীম মিয়ার (২৪) স্ত্রী। শামীম পেশায় ভ্যানচালক।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে ইমার ছাগলের ঘরে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। এর আগেই ঘরে থাকা ছাগল দুটি পুড়ে মারা যায়।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতি শাহজাহান সিকদার বলেন, শামীম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ দম্পতির এক বছরের একটি ছেলে আছে। কয়েক মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ছাগল দুটি কিনেছিলেন শামীমের স্ত্রী ইমা। সেই ছাগল দুটি আগুনে পুড়ে মারা যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

ঘটনার পর থেকে বিমর্ষ হয়ে আছেন ইমা আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গরিবরে কি আল্লায় দেখে না? কেন এমন হলো? আমার সঙ্গে তো কারও কোনো শত্রুতা নেই। এরপরও কীভাবে আগুন লাগল? ছাগল দুটি আমার শেষ সম্বল ছিল। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি এখন কী করব?’

কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার কথা ভাবছি।’

এ বিষয়ে কথা হয় সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সঙ্গে। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সহযোগিতা করা হবে।’