আগুনে পুড়ল পাখির বাসা, ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন ভানুগাছ রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্টসার্কিটে পুড়ে যাওয়া বৈদ্যুতিক মিটার। আজ মঙ্গলবার কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

বৈদ্যুতিক লাইনের মিটারে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছিল এক চড়ুই পাখি। ওই বাসায় ডিমও দিয়েছিল মা পাখি। সেই ডিম থেকে জন্ম নেয় দুটি ফুটফুটে ছানা। কিন্তু আকস্মিক আগুনে পুড়ে গেছে পাখিদের ঘর, অঙ্গার হয়ে গেছে ফুটফুটে ছানাসহ মা পাখিটি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। শর্টসার্কিটে ওই বৈদ্যুতিক মিটারে আগুন লেগে পুরো মিটারটি পুড়ে যায়। এতে ভানুগাছ রেলস্টেশন প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। পুরো সময় আন্তনগর ট্রেনের টিকিট প্রিন্ট কার্যক্রম বন্ধ ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলস্টেশনের প্ল্যাটফর্ম এলাকার একটি বৈদ্যুতিক মিটারে চড়ুই পাখির বাসা ছিল। আজ দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত স্টেশনে বিদ্যুৎ সরবরাহ ছিল না।

স্টেশনমাস্টার কবির আহমেদ বলেন, ঘটনার পর তিনি কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবহিত করেছেন। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের টিকিট প্রিন্ট করা যায়নি। ওই ট্রেনের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ট্রেনে ওঠার পর টিকিট করে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মীর গোলাম ফারুক বলেন, বিদ্যুৎকর্মীরা মাঠপর্যায়ের কাজে ব্যস্ত ছিল। তাই ভানুগাছ স্টেশনের ক্ষতিগ্রস্ত স্থানে নতুন মিটার স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।