আগেরবারের জয়ী ‘বিদ্রোহী’এবার নৌকার প্রার্থী

দলীয় সমর্থন প্রত্যাহারে দাবি জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল মাহমুদ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর দশমিনা সদর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ২০১৬ সালে ইউপি নির্বাচনে তিনি দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন।

এদিকে আগের নির্বাচনের বিদ্রোহী প্রার্থীকে দলীয় মনোনয়নের প্রতিবাদ ও ইকবাল মাহমুদের দলীয় সমর্থন প্রত্যাহারে দাবি জানিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌতম রায়। আগের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন।

১০ অক্টোবর দেওয়া লিখিত অভিযোগে গৌতম রায় বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে ইকবাল মাহমুদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেন। নির্বাচন চলাকালীন তিনি জামায়াত-বিএনপির ওপর ভর করে সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন চালান। এ সময় দশমিনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়। এর আগে ২০১৩ সালের মার্চে দলীয় নেতাদের লাঞ্ছিত করার কারণে দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়েছিল।

গৌতম রায় আরও বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম দিয়ে কোনো প্রকার ভোট ছাড়াই বিগত নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ইকবাল

মাহমুদের নাম ১ নম্বরে দিয়ে মনোনয়ন প্রার্থীর তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ধরনের প্রার্থীকে দলীয় মনোনয়ন প্রত্যাহারের জোর দাবি জানাই।’

ইকবাল মাহমুদ বর্তমানে দশমিনা সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এসব অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৬ সালের নির্বাচনে দল থেকে প্রথম আমাকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কুচক্রী মহলের কারণে আমার দলীয় মনোনয়ন বাতিল করা হয়। পরে দল থেকে নতুন করে গৌতম রায়কে মনোনয়ন দেওয়া হয়। পরে আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করতে পারিনি। স্বতন্ত্র নির্বাচন করেছিলাম।’

ইকবাল মাহমুদ আরও বলেন, ‘গৌতম রায় ওই নির্বাচনে ব্যাপক সহিংসতা চালিয়েছিলেন। তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। আমি বিপুল ভোটে এগিয়ে ছিলাম। পরে কেন্দ্রীয় নেতারা ওই তিন কেন্দ্রে পুনরায় ভোটের সময় গৌতম রায়কে আমার পক্ষে সমর্থনের জন্য বলেন। এলাকার মানুষের বিপুল সমর্থনের কারণে নির্বাচিত হই। তাই এবারও আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।’