আগৈলঝাড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম মৃধা। তিনি উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের আলতাব মৃধার ছেলে। একই সঙ্গে আদালত সাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই সাইদুল ইসলাম মৃধা তাঁর স্ত্রী আয়শা আক্তারের কাছে তিন লাখ টাকা যৌতুক চেয়ে চাপ দিতে থাকেন। এ নিয়ে বিভিন্ন সময় সাইদুল তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। যৌতুকের টাকা না পেয়ে ২০১৬ সালের ৫ অক্টোবর সাইদুল ডাবের পানির সঙ্গে বিষ মিশিয়ে সেটি আয়শাকে খাইয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। ঘটনার পরপরই আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে জামাতা সাইদুল ইসলাম ও তাঁর বাবা আলতাফ মৃধা, মা বিলকিসসহ পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
২০১৭ সালে মামলার তদন্ত কর্মকর্তা সাইদুল ও তাঁর মা বিলকিস বেগমকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। চার্জ গঠনের সময় আদালত বিলকিস বেগমকে মামলা থেকে অব্যাহতি দেন। এরপর আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাইদুলকে মৃত্যুদণ্ড দেন।
বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ না করে, সে জন্য এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।