আগৈলঝাড়ায় রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী
সারা দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যেই আয়োজন করা হয়েছিল বাল্যবিবাহের। বিয়ে উপলক্ষে হয় ভূরিভোজ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করে দেন। কনের মাকে করা হয় জরিমানা। রোববার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলামের (২৮) বিয়ের আয়োজন করা হয়। কনের বাবা নিজ বাড়িতে উভয় পক্ষের শতাধিক অতিথির জন্য আপ্যায়নের আয়োজন করেন। বেলা আড়াইটা ধুমধাম করে বিয়ে চলছিল। খবর পেয়ে ইউএনও একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।
স্থানীয় দুজন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবুল হাশেমের আসার খবর পেয়ে বর জাহিদুল ইসলামসহ তাঁর অভিভাবক, কনের বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান। বেলা তিনটার দিকে ইউএনও ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাল্যবিবাহের আয়োজন ও স্বাস্থ্যবিধি অমান্য করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করার অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। একই সঙ্গে ইউএনও কনের মায়ের কাছ থেকে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন।
এ বিষয়ে আগৈলঝাড়ার ইউএনও আবুল হাশেম বলেন, বাল্যবিবাহের আয়োজন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।