আঙিনা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২ যুবলীগ কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় এক কিশোরীকে বাড়ির আঙিনা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবলীগ কর্মীর নামে মামলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর রাতেই পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোরীর জবানবন্দি নিয়েছেন বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ওই কিশোরীর বরাতে জানা যায়, গতকাল সন্ধ্যায় কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান ইউনিয়ন যুবলীগের কর্মী নজরুল ইসলাম ব্যাপারী (৪০) ও রাসেল ব্যাপারী (৩৬)। পরে কিশোরীকে ধর্ষণ করেন নজরুল। এ কাজে তাঁর সহযোগী ছিলেন রাসেল।

মামলার এজাহারে বলা হয়েছে, নজরুল ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে নজরুল ও রাসেল ওই কিশোরীকে বাড়ির আঙিনায় একা পেয়ে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। সবজিখেতের পাশে নজরুল কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে দুই যুবলীগ কর্মীকে ধাওয়া করলে তাঁরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

তবে এই অভিযোগ অস্বীকার করে যুবলীগ কর্মী নজরুল বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, ধর্ষণের খবর পেয়ে গতকাল রাতে কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বড় ভাই বাদী হয়ে নজরুল ও তাঁর সহযোগী রাসেলকে আসামি করে একটি ধর্ষণের মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।