নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেক ভোটারকে। অনেক কসরতের পরও কারও কারও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি তাঁরা।
আজ সোমবার বেলা দুইটার দিকে নিয়ামতপুর সদর ইউনিয়নের রূপনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, আটটি বুথের সামনেই ভোটারদের দীর্ঘ সারি। ভোট গ্রহণ চলছে অত্যন্ত ধীরগতিতে। ভোট পড়ার হারও কম।
ভোট দিতে আসা বিজলী আদিবাসীপাড়া গ্রামের ভোটার সুবলা রানী (৫৮) জানান, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুপুর ১২টায় তিনি ভোটকক্ষে ঢুকতে পারলেও ভোট দিতে পারেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেকবার চেষ্টা করনু, তা–ও আঙুলের ছাপ মিলল না। ভোট লেওয়া লোকেরা বলল হামার আঙুল নাকি ক্ষয়ে গ্যাছে। ছয়-সাতবার মেশিনত আঙুল নাগানু কিন্তু হামার নাম ও ছবি অ্যালু না।’
কেন্দ্রে আসা মো. নওশাদ নামের এক ভোটার জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট দিতে এসেছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুপুর সোয়া ১২টায় ভোটকক্ষে ঢুকতে পারলেও ভোট দিতে পারেননি। নওশাদ বলেন, ‘আঙুল নাকি ক্ষয় হয়্যা গ্যাছে। আঙুলের ছাপ দিলে নাম আসে না।’
আবার কেন্দ্রেই কথা হয় ৮০ বছরের বৃদ্ধা মুড়িহারী গ্রামের ছবিরণ বেওয়ার সঙ্গে। আঙুলে থাকা অমোচনীয় কালি দেখিয়ে তিনি বলেন, ‘ভোট তো দিনু, বাবা। অফিসার দেখ্যায়ে দিছে, হামি ভোট দিছি।’
প্রিসাইডিং কর্মকর্তা কাইয়ুম হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় রূপনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছিল ৩০ শতাংশ।
ইভিএম পদ্ধতিতে আঙুলের ছাপ মেলাতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রটির আরও কয়েকজন ভোটার। ভোট গ্রহণে ধীরগতির কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাঁরা বিরক্ত। আজ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার চন্দননগর, হাজিনগর ও সদর ইউনিয়নের ১০-১২টি কেন্দ্রে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বললে ইভিএমে ভোট গ্রহণ নিয়ে নানা সমস্যার কথা জানান তাঁরা।
ভোটারদের আঙুলের ছাপ না মেলার বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান প্রথম আলোকে বলেন, আঙুলের ছাপ নিয়ে ভোটার পরিচিতি নিশ্চিত করা হয়। গৃহস্থালি ও কৃষিকাজ করতে গিয়ে অনেকের আঙুল ক্ষয়ে যায়। এ কারণে ইভিএমে ছাপ দিতে গিয়ে ওই সব মানুষের ছাপ মেলাতে গিয়ে সমস্যা হয়। বিশেষ করে বয়স্ক ও নারী ভোটারদের এই সমস্যা বেশি হয়। শুধু নিয়ামতপুরেই নয়, সারা দেশেই এই সমস্যা হয়ে থাকে। তবে এখানে ভোট শান্তিপূর্ণ হচ্ছে।
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হয়। এই ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০৬ ও সাধারণ সদস্য পদে ৩৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৪৭ জন।