আঙুলের ছাপ না মেলায় আগে এসেও থাকতে হয়েছে অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসেন ভোটারেরা। বুধবার সিলেটের বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

সিলেটের বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বুথের বাইরে আসনে বসেছিলেন চার নারী। এর পাশের আসনে বসেছিলেন আরও দুজন। পৌরসভা নির্বাচনের ভোট দিতে এসেছিলেন তাঁরা। আঙুলের ছাপ না মেলায় বসেছিলেন বুথের বাইরে।

চার নারীর মধ্যে রিনা বেগম (৫০) পৌরসভার ফতেপুর এলাকার বাসিন্দা। তিনি বলেন, ভোট দিতে এসেছিলেন দুপুর ১২টায়। বেলা একটার দিকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বুথে প্রবেশ করার পর ভোটার আইডি দিয়ে চেহারা ও নাম ঠিকানার মিল পাওয়া যায়। কিন্তু আঙুলে ছাপ মেলেনি। পরে তাঁকে বেলা দুইটার পর আসতে বলা হয়।

বেলা দুইটার দিকে কেন্দ্রটিতে গেলে রিনা বেগমসহ বাকিদের আসনে বসে থাকতে দেখা যায়। এ সময় আরও ছিলেন জমিলা বেগম (৪৮)। তিনি বলেন, নিজের আঙুলের ছাপ দিয়ে মুঠোফোনের সিম তুলেছেন। কিন্তু ভোট দিতে এসে আঙুলের ছাপ মিলছে না।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে না পেরে বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকে। পৌরসভায় এবার প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়।

বিয়ানীবাজার বালিকা উচ্চবিদ্যালয় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। আজ বুধবার সকাল আটটা থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোটাররা উপস্থিত হলেও আঙুলের ছাপ না মেলায় বেশ কয়েকজন ভোটারকে বেলা দুইটার পর আসতে বলা হয়। এতে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাবরুল হোসেন বলেন, কেন্দ্রে দীর্ঘ সারি ছিল। তাই যাঁদের আঙুলের ছাপ মেলেনি, তাঁদের দুপুরের পর সারিতে ভিড় কমলে আসতে বলা হয়।

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭৯৩ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা।