আঙুলের ছাপে জানা গেল হাতীবান্ধায় নিহত ব্যক্তির বাড়ি ভৈরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবারক হোসেন
ছবি: সংগৃহীত

লালমনিরহাট উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলনবাজারে প্রায় দেড় বছর ধরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি অবস্থান করছিলেন। দুই দিন আগে মারা যান তিনি। কিন্তু তাঁর নাম-পরিচয় জানা যাচ্ছিল না। পরে লাশের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে, নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন (৪৬)। তিনি কিশোরগঞ্জের ভৈরবপুরের উত্তর পাড়ার গ্রামের ফজলুল হকের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মিলনবাজারে প্রায় ১৮ মাস ধরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি অবস্থান করছিলেন। লোকজনের কাছ থেকে যা পেতেন, তা-ই খেয়ে বাজারের ঘরে থাকতেন। গত সোমবার রাতে তিনি মারা যান। পরে এলাকার লোকজন লাশ দেখে স্থানীয় থানা-পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু তাঁর পরিচয় জানা যায়নি। এ অবস্থা দেখে লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার ব্যবস্থা করে হাতীবান্ধা থানা-পুলিশ। পরে প্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় রংপুর গোয়েন্দা পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ‘ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের চেষ্টা করে আঞ্জুমান মফিদুল। কিন্তু আমি দাফন করতে না দিয়ে নিজ খরচে লাশ ফ্রিজে রাখার ব্যবস্থা করি। পরে লাশের ঠিকানা শনাক্ত করে নিকটবর্তী থানায় খবরও পাঠানো হয়। খবর পেয়ে ভৈরব থেকে মুরাদ হোসেন নামের এক ব্যক্তি এসে লাশ শনাক্ত করেন। তিনি জানান, নিহত ব্যক্ত তাঁর ছোট ভাই।’

মুরাদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পরিষদ কার্যালয়ের কর্মচারী। তিনি বলেন, পাঁচ বছর আগে তাঁর ভাইকে বিয়ে দেওয়া হয়। কিন্তু ১৫ দিনের মাথায় চলে যান নববধূ। সেই থেকে মোবারক মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পাঁচ বছর পর মিলল তাঁর লাশ। মারা গেলেও মোবারকের সন্ধান পাওয়ায় ওসি এরশাদুল আলমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুরাদ। গতকাল মঙ্গলবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।