আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সাংসদকে এলাকা ছাড়তে চিঠি
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখের স্বাক্ষরিত চিঠিতে তাঁকে এলাকা ছাড়তে বলা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে সাংসদ মানু মজুমদার তাঁর নির্বাচনী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরের অধিকাংশ সময় অবস্থান করছেন। তিনি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ–সমর্থিত তাঁর পছন্দের প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছেন এবং বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন। তাঁর প্রশ্রয়ে কর্মী-সমর্থকেরাও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ নিয়ে বৃহস্পতিবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা স্মরণ করিয়ে দিয়ে সাংসদকে চিঠি দেন। ওই চিঠিতে তাঁকে নির্বাচনী এলাকা ছাড়তে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সাংসদকে এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ওনার (সাংসদের) একজন সহকারী চিঠিটি গ্রহণ করেছেন।’
এ বিষয়ে সাংসদ মানু মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে তাঁর ব্যক্তিগত সহকারী আলী আহাত বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, সাংসদ কলমাকান্দার রংছাতি ইউনিয়নের তাঁর বাড়িতে অবস্থান করছেন। তাঁরা এলাকায় থাকবেন না। হয়তো কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।