আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাঙ্গাবালীতে আ.লীগেরসহ ৬ প্রার্থীকে ‘শোকজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন

চতুর্থ ধাপে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ বি এম আবদুল মান্নানসহ ছয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ছোটবাইশদিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার ওই ছয় প্রার্থীকে নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ পাওয়া অন্য প্রার্থীরা হলেন ছোটবাইশদিয়া ইউপি নির্বাচনের ১ নম্বর সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী ইয়ানুর, মোসা. করুণা বেগম ও খাদিজা বেগম। এ ছাড়া ১ নম্বর আসনের সদস্য প্রার্থী মো. মজিবুর রহমান ও হাসান মৃধা।

ওই চিঠিতে বলা হয়, ছোটবাইশদিয়া ইউপি নির্বাচনে ওই ছয় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দোকানের দেয়াল, বিদ্যুতের খুঁটি, গাছসহ বিভিন্ন স্থানে তাঁদের নির্বাচনী পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল আঠা অথবা অন্য কিছু দিয়ে লাগিয়েছেন। ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কারণে প্রার্থিতা বাতিল বা অনুরূপ অন্য কোনো শাস্তি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে কেন সুপারিশ করা হবে না, এর কারণ ব্যাখ্যা করে এক দিনের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে

এ ছাড়া লিখিত জবাব দেওয়ার আগে নিয়মবহির্ভূতভাবে লাগানো পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।