আছাব-মনোয়ারার সংসারের অভাব আরও বাড়িয়েছে বন্যা
চার বছর আগে বার্ধক্যজনিত রোগে আছাব আলী (৬৫) অসুস্থ হন। এর পর থেকে ভারী কোনো কাজই তিনি করতে পারেন না। এ অবস্থায় পরিবারের হাল ধরেন তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)। শুরু করেন বাঁশ আর বেতের বিভিন্ন সামগ্রী তৈরি, যা পার্শ্ববর্তী হাটে প্রতি সপ্তাহে এক দিন বিক্রি করেন আছাব। এতে মেলে দেড় থেকে দুই হাজার টাকা। তা দিয়ে টেনেটুনে সংসার চলত।
দুই সপ্তাহ ধরে ঘরে বন্যার পানি ওঠায় আয়-রোজগার বন্ধ পরিবারটির। কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। কী করবেন, কিছুই বুঝতে পারছেন না তাঁরা।
আছাব-মনোয়ারার বাড়ি ওসমানীনগর উপজেলার আউশপুর গ্রামে। গতকাল সোমবার সেখানে গিয়ে দেখা যায়, আউশপুর গ্রামটি পুরো প্লাবিত হয়ে আছে। গ্রামের প্রতিটি রাস্তা ডুবে আছে। ঘরের আঙিনা, উঠানে কচুরিপানা। যাঁদের নৌকা আছে, কেবল তাঁরা জরুরি কাজে বেরোতে পারছেন। অন্যরা পানিবন্দী। গ্রামের একেক স্থানে হাঁটু থেকে কোমরপানি। গ্রামের অধিকাংশ পরিবারেই এখন খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
মনোয়ারা বলেন, সিলেটজুড়ে ১৫ জুন থেকে বন্যার পানি দেখা দেয়। এর দুদিন পর তাঁদের বাড়িতেও কোমরপানি হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। মায়ের বাঁশ-বেতের সামগ্রী তৈরি করার কাজে দুই মেয়ে সহায়তা করে। এখন কাজ বন্ধ হয়ে পড়ায় আরও টানাটানিতে পড়েছেন তাঁরা। দিনে একবেলা রান্না হচ্ছে বাড়িতে।
মনোয়ারা আরও বলেন, বন্যায় গ্রামে এত পানি আর আগে কখনো ওঠেনি। শৌচাগার ও নলকূপ পানির নিচে। রান্নাঘরের চুলাও ডুবে আছে। ইটের স্তূপে অস্থায়ীভাবে চুলা তৈরি করে রান্না করতে হচ্ছে। ঘরে কোমরপানি থাকায় খাটের ওপর টেবিল রেখে সেখানে বসেই রাত কাটাতে হয়। এখন পানি কিছুটা কমলেও দুর্ভোগ আগের মতোই আছে। স্বামী অসুস্থ হওয়ায় তিনিও বের হয়ে কাজের সন্ধানে উঁচু স্থানে যেতে পারছেন না। ঘরে খাবারের যা মজুত ছিল, তা–ও শেষ। তাই দুশ্চিন্তায় আছেন। এ বন্যা তাঁদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়ে গেল।