নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আজ সোমবার নগর ভবনের দায়িত্ব নেবেন। তাঁর সঙ্গে ২৭ জন কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরও দায়িত্ব নেবেন। এর আগে মেয়র আইভী এবং ৩৬ কাউন্সিলর ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে মেয়র আইভী ও কাউন্সিলররা নগর ভবনে এলে নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর আইভী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। মেয়াদ শেষে প্রথমবারের মতো দলীয় প্রতীকে গত ২২ ডিসেম্বর নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী সাখাওয়াত হোসেনকে পরাজিত করে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আইভী।