নারায়ণগঞ্জে দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকার কার্যালয়ে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় আজমেরী ওসমানসহ মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সম্পাদক জাবেদ আহমেদ। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে পৃথকভাবে লিখিত অবহিতপত্র দিয়ে এ দাবি জানান পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকেরা।
অবহিতপত্রে উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকায় ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে র্যাবের অভিযোগপত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে ১২ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় আজমেরী ওসমানের সহযোগীরা শহরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। মহড়া শেষে শহরের প্রেসিডেন্ট রোড এলাকায় অবস্থিত পত্রিকা কার্যালয়ে শতাধিক ক্যাডার অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালান। তাঁরা আজমেরী ওসমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও কার্যালয়ের কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। আজমেরী ওসমানের কাছে ক্ষমা না চাইলে পত্রিকা কার্যালয় পুড়িয়ে দেওয়া ও সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেন তাঁরা। যাওয়ার আগে অফিসের সিসি ক্যামেরা ভাঙচুর করে ক্যামেরার রেকর্ড বক্স ও একটি কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যান সন্ত্রাসীরা।
এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ ও ৩০–৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ বাদী হয়ে মামলা করেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত দুই আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
অবহিতপত্রে আরও বলা হয়, হামলাকারী সন্ত্রাসীদের মূল হোতা ও মামলার প্রধান আসামিরা এখনো পলাতক। সন্ত্রাসীরা বিভিন্নভাবে সাংবাদিক ও মামলার বাদী সম্পাদককে হুমকি–ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানায় পত্রিকাটির কর্তৃপক্ষ।
‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিদিন এক থেকে দেড় শ ফোন আসছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে মীমাংসার জন্য চাপ দিচ্ছে। তাই বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করতে অবহিতপত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, পত্রিকা অফিসে হামলার ঘটনায় জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, এ ঘটনায় তদন্তে যাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, তাঁদের অবহিতপত্রে অভিযোগের বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হবে। তারা যেভাবে নির্দেশনা দেবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।