আজমেরী ওসমানের ১৯ সহযোগীর নামে মামলা, ৯ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছেন হামলাকারীরা
ছবি: সংগৃহীত

ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আজমেরী ওসমানের ১৯ সহযোগীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পত্রিকাটির সম্পাদক জাবেদ আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অফিসে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে। এরই মধ্যে মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় নাসির উদ্দিন (৩৫), আক্তার নূর (৪৫), রবিন (২৯), রাতুল (২৫), মনির (২৮), শ্যামল সাহা (২৬), কৃষ্ণ সাহা (২৬), মুকিত (২৯), নাসির হোসেন (৩১), শাকিল (৩০), সুমন (৩১), সানি (৩২), সনেট (২৭), আন্নান (২৯), কাজল (৩২), রুবেল (২৭), সিনাফী (৩১), ফারুক (৩৫) ও ইসমাঈলের (৩১) নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমান প্রয়াত সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ভাতিজা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া শেষে শহরের চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকায় স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন আজমেরী ওসমানের অনুসারীরা। ত্বকী হত্যা মামলায় র‌্যাবের খসড়া অভিযোগপত্রের সংবাদে আজমেরী ওসমানকে ইয়াবায় আসক্ত উল্লেখ করার জেরে ওই পত্রিকা অফিসের সাংবাদিকদের গালাগাল ও মাফ না চাইলে সম্পাদককে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। হামলার পর সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও হার্ডডিস্ক খুলে নিয়ে গেছেন হামলাকারীরা। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজমেরী ওসমানের আল্লামা ইকবাল রোড এলাকার বাড়ির সামনে ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে মামলার এজাহারে আজমেরী ওসমানকে আসামি করা হয়নি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জের তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় র‌্যাবের খসড়া অভিযোগপত্র নিয়ে ১১ ফেব্রুয়ারি দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। অভিযোগপত্রে আজমেরী ওসমানের নাম থাকাকে কেন্দ্র করে আজমেরী ওসমানের সহযোগী এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৩০–৪০ জন ১২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রোড এলাকায় সিরাজ ম্যানশনের চতুর্থ তলায় পত্রিকা কার্যালয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। হামলাকারীরা সম্পাদককে খোঁজাখুঁজি করেন এবং অফিসে ভাঙচুর চালান। বাধা দিলে আজমেরী ওসমানের সহযোগী নাসির উদ্দিন সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়কে শ্বাসরোধের চেষ্টা করেন। লোহার রড দিয়ে অপর সাংবাদিক আরিফ হোসেনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। অফিসের দুটি কম্পিউটার ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যা মামলায় সেই সময় গ্রেপ্তার হওয়ার পর সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক বছরের মধ্যে ২০১৪ সালের ৫ মার্চ তদন্তে নিয়োজিত র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ ঘাতক ত্বকীকে হত্যা করেছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। কিন্তু আজ পর্যন্ত ত্বকী হত্যার অভিযোগপত্র দাখিল করা হয়নি। এর পর থেকে ত্বকীর হত্যা মামলার দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।