আট কার্যদিবসের মধ্যে রায়, খুলনায় গৃহবধূ হত্যায় সাবেক স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় গৃহবধূ পারভীন বেগমকে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী ওই রায় ঘোষণা করেন। মাত্র আট কার্যদিবসের মধ্যে ওই মামলার রায় ঘোষণা করা হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম লিটন মোল্লা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত পারভীন বেগমের দ্বিতীয় স্বামী তিনি। হত্যার এক সপ্তাহ আগে পারভীনের সঙ্গে লিটন মোল্লার বিবাহবিচ্ছেদ হয়েছিল।

হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ছিলেন মোসা. শাম্মী আক্তার। তিনি বলেন, আদালতে বিচারকাজ শুরু হওয়ার মাত্র আট কার্যদিবসের মধ্যেই মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় বাদীসহ ২০ জন সাক্ষীর মধ্যে আদালত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করে মামলার রায় ঘোষণা করেছেন। লিটন মোল্লা হত্যার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

বিয়ের কিছুদিন পর আগের ঘরের মেয়েকে নিয়ে পারভীন বেগম ও লিটন মোল্লার মধ্যে বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে লিটন মোল্লাকে তালাক দেন পারভীন বেগম।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ জুন দিবাগত মধ্যরাতে খুন হন পারভীন বেগম। তার প্রায় পাঁচ বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে লিটন মোল্লাকে বিয়ে করেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের সময় তাঁদের ঘরে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। আর আট বছর বয়েসের ছোট মেয়েটি পারভীন বেগমের সঙ্গেই থাকত। বিয়ের কিছুদিন পর মেয়েকে নিয়ে পারভীন বেগম ও লিটন মোল্লার মধ্যে বিরোধ শুরু হয়। প্রথম স্বামীর সঙ্গে পারভীন বেগমের সম্পর্ক ছিল এমন সন্দেহও করতেন লিটন মোল্লা। বিরোধের একপর্যায়ে লিটন মোল্লাকে তালাক দেন পারভীন বেগম। এরপর তিনি ছোট মেয়েকে নিয়ে ডুমুরিয়া উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

তালাক দেওয়ায় ক্ষুব্ধ লিটন পারভীন বেগমকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। ওই বছর ১৪ জুন রাত একটার দিকে পারভীনকে হত্যার জন্য বাড়ি থেকে শাবল ও ধারালো ছুরি নিয়ে পারভীনের ভাড়া বাড়িতে আসেন। ডাকাডাকি করেও ঘরের দরজা না খোলায় শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে পারভীনকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান লিটন। এ সময় পারভীনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন পারভীন বেগমের বড় মেয়ে নূরজাহান ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হামিদুল হক লিটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।