আট ঘণ্টার ভোগান্তির পর চট্টগ্রাম থেকে ট্রেন চালু

রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম স্টেশনছবি: সৌরভ দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে সকাল সাতটায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল চাকরিজীবী মোজাম্মেল হাসানের। মাকে নিয়ে স্টেশনেও আসেন ঠিক সময়ে। কিন্তু ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের বেশি অপেক্ষা করেও ট্রেনের দেখা পাননি তিনি। পরে টিকিট ফেরত দিয়ে স্টেশন ত্যাগ করেন।

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবার ভোরে হঠাৎ করেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন রানিং স্টাফরা। এ কারণে চরম দুর্ভোগে পড়েন মোজাম্মেলের মতো হাজারো যাত্রী। রোজার দিনে এমন ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

দাবি পূরণে রেলমন্ত্রী নূরুল ইসলামের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রানিং স্টাফরা। তখন প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। বেলা তিনটায় স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস। সকাল সাতটায় এই ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল।

চট্টগ্রাম রেলস্টেশনের তথ্য অনুযায়ী, সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী চারটি, ময়মনসিংহগামী একটি, চাঁদপুরগামী একটি ও সিলেটগামী একটি ট্রেন ছিল। কিন্তু ধর্মঘটের কারণে দুপুর পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি।

সরেজমিন স্টেশনে দেখা যায়, ট্রেনের অপেক্ষায় শত শত যাত্রী প্ল্যাটফর্মে বসে আছেন। কেউ কেউ সেখানেই ঘুমিয়ে পড়েন। কেউ পায়চারি করতে থাকেন। কারও কারও কোলে শিশুসন্তান ছিল। দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে শিশুরা। বয়স্ক ব্যক্তিরাও পড়েন দুর্ভোগে। গরমের কারণে ভোগান্তি আরও বাড়ে।

অনেকেই টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে নেন। তবে টিকিট ফেরত দিতে গিয়েও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। কাউন্টার থেকে অনেক যাত্রীকে টাকা ফেরত দেওয়া হচ্ছিল না। প্রতিবাদে তাঁরা স্টেশন ব্যবস্থাপক ও স্টেশনমাস্টারের কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

চট্টগ্রাম স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সারা দেশের মতো চট্টগ্রাম স্টেশন থেকেও সকালে কোনো ট্রেন চলেনি। তবে ধর্মঘট প্রত্যাহারের পর বেলা তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন ছেড়ে গেছে।

হঠাৎ ধর্মঘটে বিপদে যাত্রীরা

ময়মনসিংহ যাওয়ার জন্য সকালে চট্টগ্রাম স্টেশনে এসেছিলেন আছিয়া খাতুন। সঙ্গে ছিল পরিবারের দুই সদস্য। সকাল নয়টায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে তা যায়নি। তারপরেও তিনি ট্রেনের অপেক্ষায় বসে ছিলেন প্ল্যাটফর্মে।

বুধবার বেলা একটায় প্রথম আলোকে তিনি বলেন, বাড়িতে জরুরি কাজ আছে। কিন্তু ট্রেন না চলায় বিপাকে পড়েছেন। এখনো অপেক্ষায় আছেন ট্রেন যাবে কি না। কর্মকর্তারা বলছেন ট্রেন যাবে। এখন সে অপেক্ষায় আছেন।

বেলা পৌনে দুইটায় শামীম ওসমান নামের এক যাত্রী বলেন, দুপুর সাড়ে ১২টার মহানগর এক্সপ্রেস করে ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু এক ঘণ্টা অপেক্ষার পরেও ট্রেন আসেনি। এরপর টিকিট ফেরত দিতে গেলে কাউন্টারে নিচ্ছে না।

চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম স্টেশন
ছবি: সৌরভ দাশ

শামসুল হুদা নামের আরেক যাত্রী বলেন, টিকিট কেনার জন্য একবার লাইন দাঁড়াতে হয়েছে। ফেরত দিতে আরেকবার। সবখানে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে ট্রেন চলাচল করবে কি না, তা জানার জন্য যাত্রীরা বারবার স্টেশন ব্যবস্থাপক ও স্টেশনমাস্টারের কাছে ধরনা দেন। কিন্তু তাঁরাও নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না। এ কারণে যাত্রীরা দ্বিধায় পড়েন। এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

আরিফুল ইসলাম নামের এক যাত্রী দুপুরে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোজার মাসে এই ধরনের হয়রানি করার কোনো মানে হয়! কখন ট্রেন ছাড়বে নাকি আদৌ ছাড়বে না, তার কোনো ঘোষণা পাওয়া যাচ্ছে না। যদি একটা ঘোষণা পেতেন, তাহলে বিকল্প পথে রওনা হতেন। কিন্তু সেটিও দিচ্ছে না।

সারওয়ার জাহান নামের এক স্কুলশিক্ষক মেয়েকে নিয়ে ঢাকায় যাবেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার মহানগর এক্সপ্রেস ঠিক সময়ে ছাড়বে কি না, এর কোনো উত্তর পাচ্ছিলেন না কারও কাছ থেকে। তিনি বলেন, এভাবে হঠাৎ করে ধর্মঘট ডেকে মানুষকে বিপদে ফেলার কোনো মানে হয় না। মানুষের কত জরুরি কাজ আছে।

মেয়ের চাকরির বিষয়ে তাঁদের ঢাকা যেতে হচ্ছে। কিন্তু এখন ট্রেনের জন্য অপেক্ষা করবেন না বাসে যাবেন, তা বুঝতে পারছেন না।

খন্দকার তৌকি আহমেদ নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে চট্টগ্রামে এসেছেন। সকাল ১০টায় অনলাইনে মহানগর এক্সপ্রেসের টিকিট নিয়েছেন। ট্রেন বন্ধ জানার পরও কেন অনলাইনে টিকেট বিক্রি করল? এখন টিকেট ফেরত নিচ্ছে না।

তবে চট্টগ্রাম স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সারা দেশের মতো চট্টগ্রাম স্টেশন থেকেও কোনো ট্রেন চলছে না। যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।