আট মাস ধরে পড়ে আছে সড়কের কাজ, ভোগান্তি

সড়কটিতে আগে ইট বিছানো ছিল। তখন ইজিবাইকে চড়ে ক্লিনিকে যাওয়া যেত। সড়ক খুঁড়ে রাখার কারণে এখন কোনো যানবাহন চলাচল করে না।

মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে সড়কের কাজ। সে সড়ক দিয়ে শিশুদের নিয়ে কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন লোকজন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে গতকালপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের একটি সড়কের কাজ আট মাস ধরে ফেলে রেখেছেন ঠিকাদার। গ্রামবাসী বলেন, ঠিকাদার সড়কের উপরিভাগের ইট তুলে নিয়েছেন। পরে এক্সকাভেটর দিয়ে সড়কটি প্রায় দেড় ফুট গভীর করে খুঁড়ে রাখা হয়েছে। এরপর আর কাজ না করায় এলাকার প্রায় চার হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, রসুলপুর গ্রামের ওই সড়কটির ৫০০ মিটার পাকা করা হবে। এ সড়ক দিয়ে নান্দাইল উপজেলার রসুলপুর ও কাঁঠালভাঙা এবং ঈশ্বরগঞ্জ উপজেলার রোকনপুর, ফতেহপুর, শাওগলী ও সুটিয়া গ্রামের লোকজন চলাচল করে। রসুলপুর গ্রামে রয়েছে সরকারি একটি কমিউনিটি ক্লিনিক। অপর দিকে রোকনপুর গ্রামে রয়েছে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। ফলে সড়কটি স্থানীয় লোকজনের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সড়কে গিয়ে দেখা যায়, রসুলপুর উত্তর কমিউনিটি ক্লিনিকের সামনে একটি পাকা সড়ক। এর সামনে ঢালের মতো নেমে গেছে একটি মাটির সড়ক। সড়কের দুই পাশে মাটি উঁচু করে রাখা। এবড়োখেবড়ো সড়কটি দিয়ে হেঁটে কাঁঠালভাঙা গ্রাম থেকে কয়েকজন দম্পতি তাঁদের শিশুসন্তানকে কোলে করে কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন। এক দম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটিতে আগে ইট বিছানো ছিল। তখন ইজিবাইকে চড়ে ক্লিনিকে যাওয়া যেত। আট মাস ধরে সড়ক খুঁড়ে রাখার কারণে কোনো যানবাহন চলাচল করে না।

রসুলপুর গ্রামের মো. ফজল মিয়া (৬৫) বলেন, এবড়োখেবড়ো সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে তাঁরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নান্দাইল উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ২০২১ সালে এ কাজটি পেয়েছেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ভূঁইয়া ট্রেডার্স। এ কাজে ব্যয় ধরা হয় ৪০ লাখ ২৭ হাজার টাকা।

ভূঁইয়া ট্রেডার্সের মালিক মো. রেজাউল হাসান ভূঁইয়া মুঠোফোনে বলেন, তাঁর পক্ষে কাজটি করছেন ঈশ্বরগঞ্জের ঠিকাদার মো. জাহাঙ্গীর। কাজটি দ্রুত শুরু করার জন্য তিনি জাহাঙ্গীরকে বলে দেবেন। এ বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা প্রকৌশলী আল আমীন সরকার বলেন, তিনি কাজটি দ্রুত শুরু করার জন্য ঠিকাদারকে তাগাদা দেবেন।