আটটি শ্যালো মেশিন ধ্বংস, একজনের ১০ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদে অবৈধভাবে বালু উত্তোলনে নদের পাড় ভেঙে পড়েছে। গতকাল বিকেলে উপজেলার সালেহাবাদ এলাকায়
ছবি: প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদের পাড় ভেঙে অবৈধভাবে শ্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বালু ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. মোখলেছুর রহমান (৩২)। তিনি উপজেলার চাঁদগাও গ্রামের মো. আব্বাছ আলীর ছেলে। এ ছাড়া নদের পাড় ভেঙে বালু উত্তোলন করায় আটটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ এলাকায় চেল্লাখালী নদের পাড় ভেঙে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ইউএনও হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নদে থাকা বালু তোলায় ব্যবহৃত আটটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। এ ছাড়া অবৈধ বালু জব্দ করে রাজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহমেদ জিম্মায় রাখা হয়। একই সময় অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়।


এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গতকাল রাতে পুলিশের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ইউএনও হেলেনা পারভীন প্রথম আলোকে বলেন, অবৈধভাবে নদের পাড় ভেঙে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নদে থাকা আটটি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। অবৈধভাবে উত্তোলিত বালু ও একটি ট্রলি জব্দ করা হয়। জব্দ করা বালু পরে নিলামে বিক্রি করা হবে।