আতঙ্ক দূরে ঠেলে কক্সবাজার সৈকতে লাখো পর্যটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ এসেছেন সপরিবারে, কেউবা বন্ধুদের সঙ্গে। কখনো দল বেঁধে সাগরে গোসল করে, কখনোবা সৈকতের বালিয়াড়িতে হইহুল্লোড় করে সময় কাটাচ্ছেন পর্যটকেরা। আতঙ্ক দূরে ঠেলে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে থাকছেন সবাই। ঈদের দিন থেকে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে।
অবশ্য ঈদের আগে রাজধানীর গুলশানে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় বর্বর জঙ্গি হামলার ঘটনায় এবার পর্যটকের উপস্থিতি নিয়ে শঙ্কায় ছিলেন কক্সবাজারের হোটেল-মোটেল মালিকেরা। তবে শেষ পর্যন্ত আতঙ্ক ছাপিয়ে সৈকতে ঢল নেমেছে পর্যটকদের।
কক্সবাজার চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, গত তিন দিনে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন অন্তত আড়াই লাখ পর্যটক। আগামী মঙ্গলবার পর্যন্ত আরও আড়াই লাখ পর্যটক আসবেন বলে তাঁরা আশা করছেন। মোট পাঁচ লাখ পর্যটকের আগমনকে ঘিরে কক্সবাজারে এই কয়েক দিনে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা হবে।
গতকাল শনিবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, হাজার হাজার পর্যটক সাগরে গোসল করছেন। কেউ স্পিডবোটে চড়ে গভীর সমুদ্রে গিয়ে ঘুরে আসছেন, কেউ আবার সৈকতে বানাচ্ছেন বালুর ভাস্কর্য। দল বেঁধে ফুটবল নিয়ে মেতেছেন কিশোর-তরুণেরা। বিকেলে সৈকতের কলাতলী থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সৈকতে ভিড় জমান লাখো পর্যটক।
ঢাকা থেকে বেড়াতে আসা কলেজছাত্রী মুমতাহা তাবাসসুম বলেন, ‘বিশাল সমুদ্রের জলরাশি সব যন্ত্রণা মুছে দিলেও মনের আতঙ্ক কাটছে না। নিরাপদে বাড়ি ফিরতে পারা নিয়ে টেনশনে আছি।’ লাবণী পয়েন্টে ছাতার নিচে বসে উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলেন মিরপুর থেকে আসা তরুণ দম্পতি রাহুল-মেহনাজ। রাহুল বলেন, তাঁরা দুজনই চাকরিজীবী হওয়ায় ঘুরে বেড়ানোর ছুটি মেলে না। এবারের লম্বা ছুটি পেয়ে কক্সবাজারে এসেছেন।
ঢাকার রামপুরা এলাকার ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, জঙ্গি হামলার ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন। আতঙ্ক না থাকলে আরও বেশি মানুষ এই ছুটিতে কক্সবাজারে ভ্রমণে আসতেন।
কক্সবাজারে এসে যাঁরা একটু নিরিবিলি ঘুরে বেড়াতে চান, তাঁদের অনেকের পছন্দ প্যাঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ ইকো রিসোর্ট। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ঈদের দিন থেকে রিসোর্টের সব কটি কটেজে অতিথি রয়েছেন।
একই কথা বলেছেন দ্য কক্স টুডের ব্যবস্থাপক আবু তালেব।
ওশান প্যারাডাইস, সি-গাল, লং বিচ, সি প্যালেস, প্রাসাদ প্যারাডাইস, মিডিয়া ইন্টারন্যাশনাল এবং হোটেল কল্লোলের কোনো কক্ষ খালি নেই।
কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, সৈকত ও শহরের বিভিন্ন স্থানে প্রায় ৪৫০টি হোটেল, মোটেল ও গেস্টহাউসে যত কক্ষ রয়েছে, তাতে দিনে ৭৮ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটকের সংখ্যা লাখ ছাড়িয়ে যাওয়ায় অনেক হোটেলে গাদাগাদি করে থাকছেন পর্যটকেরা।
সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকদের উদ্ধারে নিয়োজিত ইয়াছির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বলেন, বর্ষা মৌসুম হওয়ায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সাগরে নামার আগে সৈকতে লাল নিশানা উড়ছে কি না, তা দেখা জরুরি। লাল নিশানা ওড়ানোর অর্থ হচ্ছে সমুদ্রে নামা বিপজ্জনক।
পর্যটকের ভিড় বেড়ে যাওয়ায় কিছু রেস্তোরাঁর মালিক সুযোগ বুঝে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন খোদ কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা নঈমুল হক চৌধুরী। তিনি বলেন, এই অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দরকার।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটকদের হয়রানি রোধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে। হোটেল, রেস্তোরাঁয় ভেজাল ও বাসি খাবার পরিবেশন এবং কক্ষ ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, সৈকতে ট্যুরিস্ট পুলিশের ১৫৮ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজাউল করিম বলেন, সৈকত ভ্রমণের পাশাপাশি পর্যটকেরা যাচ্ছেন রামুর বৌদ্ধবিহার, টেকনাফের মাথিন কূপ, নাফ নদী ও মিয়ানমার সীমান্ত, মহেশখালীর আদিনাথ মন্দির, ইনানীর পাথুরে সৈকত, ডুলাহাজারা সাফারি পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানে।