আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সৎমাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে সাগর আলী (২২) নামের এক তরুণের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সৎমাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

মারা যাওয়া সাগর আলী মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর (লাঙ্গুলিয়া) এলাকার তাছের আলীর ছেলে। গতকাল ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকায় ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ে ডুমুরগাছে ঝুলন্ত অবস্থায় থাকা তাঁর লাশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন নিহতের সৎমা ফাহিমা (৪০), ফুফু হাজেরা বেগম (৪৮) ও চাচা ইসমাইল হোসেন (৪৪)। অভিযুক্ত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর (লাঙ্গুলিয়া) এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাগর আলী সাত–আট মাস আগে লেবানন থেকে দেশে ফেরেন। তিনি বাবার বাসায় থেকে কৃষিকাজ করতেন। ২২ মার্চ তাঁর দাদির একটি সোনার চেইন হারিয়ে যায়। পরিবারের অন্য সদস্যরা চুরির বিষয়ে সাগরকে সন্দেহ করেন। কবিরাজ ডেকে এনে চালপড়া খাওয়ানোর কথাও বলা হয় তাঁকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন সাগর। গতকাল সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে ধামরাইয়ের চরসুঙ্গর এলাকায় ধলেশ্বরী নদীর পশ্চিম পাশে ডুমুরগাছের সঙ্গে গামছা ঝুলিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান চাচাতো ভাই আজিজুল (১৮)। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় গতকাল রাত ৮টার দিকে সাগরের ছোট বোন তাসলিমা খাতুন তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু–তিনজনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। পরে রাতে একই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাসলিমা খাতুন প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ১৭ জুন তাঁর মা আত্মহত্যা করেন বলে তাঁর দাদির পরিবারের সদস্যরা দাবি করেন। ওই সময় তাঁর মাকে ঘর থেকে টাকা চুরির অপবাদ দেওয়া হয়েছিল। তাসলিমার দাবি, ‘মূলত নেশাগ্রস্ত ছোট কাকা বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু অপবাদ দেওয়া হয়েছিল মাকে।’

তাসলিমা খাতুন বলেন, ‘মা মারা যাওয়ার পর দাদা আমাদের দুই ভাইবোনের নামে চার বিঘা জমি দেন। আমরা মামার কাছেই বড় হই। ভাই সাত–আট মাস হলো লিবিয়া থেকে ফিরে বাবার সঙ্গে থাকতে শুরু করেছিল। মায়ের মতো ভাইকেও ওরা মেরে ফেলেছে।’

ধামরাই থানার উপপরিদর্শক বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, নিহতের বোনের করা মামলায় রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।