আত্রাই নদে গোসল করতে নেমে দম্পতি নিখোঁজ

নদে নেমে নিখোঁজ
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে গোসল করতে গিয়ে এক দম্পতি নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসলে নেমে তাঁরা নিখোঁজ হন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন পারভেজ হোসেন (২২) ও তাঁর স্ত্রী মিনি আকতার (১৮)। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ওই দম্পতি রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার বেলা একটার দিকে আত্রাই নদে গোসল করতে নেমে তাঁরা নিখোঁজ হন। স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল পাঁচটার দিকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধারকাজ শুরু হয়।

স্বজনদের বরাত দিয়ে ওসি আজম উদ্দিন বলেন, নিখোঁজ দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর পারভেজ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে খালার বাড়িতে বেড়াতে আসেন।