আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। বুধবার সকালে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস মিলের সামনে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল থেকে বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস মিলে এ বিক্ষোভ শুরু হয়। দুপুর পর্যন্ত শ্রমিকদের কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস মিলে প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকেরা গত দুই দিন ধরে বকেয়া বেতন দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় শ্রমিকেরা আজ সকালে ইপিজেডের ভেতরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের দাবি, কারখানার মালিকপক্ষ বেতন না দিয়ে গতকাল মঙ্গলবার থেকে কারখানা তালাবন্ধ করে রেখেছেন। অবিলম্বে তাঁরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। শ্রমিক বিক্ষোভের কারণে ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মালিকপক্ষ বেতন পরিশোধ করতে না পারায় ভাঙচুরের আশঙ্কায় কারখানা বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) বশির আহমেদ প্রথম আলোকে জানান, কারখানাটিতে এক মাসের বেতন বকেয়া রয়েছে তাঁরা জেনেছেন। গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন দিতে না পারায় শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। মালিকপক্ষ বেতন পরিশোধ করতে না পারায় ভাঙচুরের আশঙ্কায় কারখানা বন্ধ করে দিয়েছে। বেতন পরিশোধের পর কারখানা খুলবে। কবে নাগাদ বেতন পরিশোধ করবে সেটি মালিকপক্ষ নিশ্চিত করে বলতে পারেনি। তাঁদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ইপিজেডের ভেতরে কারখানার সামনে বিক্ষোভ করছেন। শ্রমিকেরা শান্ত আছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছি।’