আদমদীঘিতে এক রাতে তিনটি ট্রান্সফরমার ও একটি মিটার চুরি
বগুড়ার আদমদীঘিতে এক রাতে তিনটি ট্রান্সফরমার ও একটি মিটার চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সূত্রে জানা যায়, গতকাল রাতে সান্তাহার নেসকো লিমিটেডের আওতাধীন উপজেলার সাইলো রোডের আতোয়ারের চাতালসংলগ্ন এলাকা থেকে একটি, পূর্ব ঢাকা রোডের শাহিন অ্যান্ড ব্রাদার্স চালকল এলাকার থেকে একটি ও বগুড়া-নওগাঁ মহাসড়ক শিবপুর এলাকার রাস্তার পাশ থেকে অপর একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
এ ছাড়া উপজেলার সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় মিলমালিক আতোয়ার হোসেন বলেন, একই রাতে একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনায় ওইসব এলাকার চাতাল ও মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।