আদমদীঘিতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে চার বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই কিশোর অপ্রাপ্ত বয়স্ক। সে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আজ শুক্রবার সকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে ওই কিশোরসহ দুজনকে আসামি করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির সামনে ওই মেয়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল। সন্ধ্যা সাতটার দিকে ওই কিশোর এসে ওই শিশুকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুকে উদ্ধার করেন। এ সময় ওই কিশোর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
পরে ওই শিশুকে অসুস্থ অবস্থায় প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গতকাল রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী বলেন, কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে ওই কিশোরকে বগুড়া আদালতে নেওয়া হয়েছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।