আদমদীঘিতে তিন পরিবারকে দুই বছর ধরে সমাজচ্যুত করে রাখার অভিযোগ
বগুড়ার আদমদীঘিতে এক মাতবরের নির্দেশে তিন পরিবারকে দুই বছর ধরে সমাজচ্যুত করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের স্টেশনপাড়া গ্রামের। এ ঘটনায় ভুক্তভোগী ওই তিন পরিবার প্রতিকার চেয়ে গতকাল মঙ্গলবার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছে।
সমাজচ্যুত পরিবারের সদস্য ফেরদৌস হোসেন, মোজাফফর হোসেন ও আবদুস সামাদ খন্দকারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে কোরবানির ঈদের সময় ওই গ্রামের মাতবর ও উপজেলার লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু নঈম তাঁর বাড়ির উঠানে গ্রামের সবাইকে কোরবানির পশু জবাই করার নির্দেশ দেন। একই গ্রামের ফেরদৌস হোসেন, মোজাফফর হোসেন ও আবদুস সামাদ খন্দকারের পরিবার ওই নির্দেশ না মেনে নিজেদের বাড়ির উঠানে কোরবানির পশু জবাই করে।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মাতবর আবু নঈম। ঈদের পর ওই মাতবর তাঁর সহযোগী দুলাল হোসেন, নছির উদ্দীন, সৈকতসহ আরও কয়েকজনকে নিয়ে গ্রামে সালিস বসান। সালিসে মাতবরের বাড়ির উঠান ব্যবহার না করা ও মাতবরকে অসম্মান করার অপরাধে ওই তিন পরিবারকে সমাজচ্যুত করা হয়।
সমাজচ্যুত তিন পরিবারের সদস্যরা বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি সদস্যসহ অনেকের দ্বারস্থ হন। কিন্তু দীর্ঘ সময় ধরে বিষয়টির কোনো সমাধান না হওয়ায় চরম বিপাকে রয়েছে সমাজচ্যুত পরিবারগুলো।
গ্রামের কোনো অনুষ্ঠানে তিন পরিবারকে দাওয়াত দেওয়া হয় না। তাদের দাওয়াতেও কেউ আসেন না। গ্রামের কেউ তাদের সঙ্গে মেলামেশা করতে চাইলে প্রধান মাতবর ও তাঁদের অনুসারীরা নানা হুমকি-ধমকি দেন এবং তাঁদেরও সমাজচ্যুত করার ভয় দেখান।
সমাজচ্যুত পরিবারের সদস্য ফেরদৌস হোসেন বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমানে তিন পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের কাউকে মেলামেশা করতে দেওয়া হয় না। গ্রামের কোনো অনুষ্ঠানে তিন পরিবারকে দাওয়াত দেওয়া হয় না। তাদের দাওয়াতেও কেউ আসেন না। গ্রামের কেউ তাদের সঙ্গে মেলামেশা করতে চাইলে প্রধান মাতবর ও তাঁদের অনুসারীরা নানা হুমকি-ধমকি দেন এবং তাঁদেরও সমাজচ্যুত করার ভয় দেখান। ফেরদৌস হোসেন বলেন, গত ঈদুল ফিতরের সময় মাতবর নেতা আবু নঈম ফিতরার টাকাও তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।
ওই গ্রামে গ্রামবাসীর সঙ্গে কথা বললে কেউ মাতবরদের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হননি। এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মাতবর আবু নঈম ফোন ধরেননি।
অপর মাতবর ও সাবেক বিজিবি সদস্য দুলাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সমাজচ্যুত করে রাখার বিষয়টি সঠিক নয়। ওই তিন পরিবার গ্রামের কোনো সামাজিক নিয়মনীতি মানে না। সমাজ তাদের সমাজচ্যুত করেনি, বরং তারাই সমাজে মিশতে চায় না। গ্রামের কোরবানি মাংস এক জায়গায় একত্র করে গরিব মানুষজনকে বিতরণ করা হয়। তারা সমাজের নিয়ম না মেনে নিজেদের কোরবানির মাংস নিজেরাই বিতরণ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। তবে কেউ আমাকে লিখিতভাবে জানাননি। এ অবস্থার প্রতিকার চেয়ে মঙ্গলবার সমাজচ্যুত ওই তিন পরিবারের প্রধান ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।’
ইউএনও শ্রাবণী রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।