আদমদীঘির সেই ইউএনওকে বদলি
ছাগলের মালিকের অনুপস্থিতিতে জরিমানা করা বগুড়ার আদমদীঘির সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনকে বদলি করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক পদে তাঁকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ৮ জুন বদলিসংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
উপজেলা পরিষদ চত্বরের পার্কের বাগানে গত ১৭ মে ফুলগাছ খাওয়ার অপরাধে ছাগলমালিকের অনুপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সীমা শারমিন। তাঁর বিরুদ্ধে আটক করা ছাগল বিক্রি করে জরিমানার টাকা আদায়চেষ্টার অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারা দেশে আলোচনা-সমালোচনা হয়। পরে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানের মধ্যস্থতায় ইউএনও ছাগলমালিককে ডেকে ঘটনার প্রায় ১০ দিন পর ছাগল ফেরত দেন এবং জরিমানার টাকা নিজেই পরিশোধ করেন।
এ ঘটনার ২২ দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনও সীমা শারমিনকে আদমদীঘি উপজেলা থেকে জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক পদে বদলি করল। ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সীমা শারমিন ইউএনও হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলায় যোগ দেন।
এ বিষয়ে ইউএনও সীমা শারমিন ও বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হকের মুঠোফোনে কল করে কথা বলা সম্ভব হয়নি।