আদমদীঘির ৬০ বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের ভাতা ব্যাংকে আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬০ জন বীর মুক্তিযোদ্ধার ফেব্রুয়ারি মাসের সম্মানী ভাতার টাকা ব্যাংকে আসেনি। ব্যাংক কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও বিষয়টির কোনো সমাধান পাচ্ছেন না তাঁরা। এখন ভাতার টাকার জন্য ঘুরতে হচ্ছে এক দপ্তর থেকে অন্য দপ্তরে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধারা জানান, আদমদীঘি উপজেলায় সম্মানী ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৭২। তাঁরা আগে উপজেলা সমাজসেবা অফিস থেকে দেওয়া তালিকা অনুযায়ী আদমদীঘি সোনালী ব্যাংক শাখা থেকে ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন। বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের নিজ নামের ব্যাংক হিসাব নম্বরে প্রতিমাসে ভাতা জমা হয়ে থাকে। সেখান থেকে তাঁরা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেন।

তাঁদের অভিযোগ, এ বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলায় ৪৭২ জন বীর মুক্তিযোদ্ধারা যথারীতি ভাতা উত্তোলন করেন। ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে ৪১২ জনের ভাতার টাকা ব্যাংকে আসে। আটকা পড়ে যায় ৬০ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা। তাঁরা সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় ধরনা দিয়েও কোনো সমাধান পাচ্ছেন না।

বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক বলেন, সব ধরনের প্রমাণ থাকার পরও শুধু লাল মুক্তিবার্তা তালিকায় নাম ওঠেনি বলে তাঁকে বাদ দেওয়া হয়েছে। আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বলেন, উপজেলায় ভারতের প্রশিক্ষণ ছাড়াই অনেক অমুক্তিযোদ্ধা লাল তালিকাভুক্ত হয়ে ভাতা পাচ্ছেন। অথচ প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা বাদ পড়েছেন। এটা হতাশার।

মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হামিদ বলেন, যাঁরা ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেসব প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বন্ধ হওয়া অসম্মানের। তিনি প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করার দাবি জানান।

সোনালী ব্যাংক আদমদীঘি শাখার ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বলেন, তাঁদের কাছে দেওয়া তালিকা ও ছাড় করা অর্থ অনুযায়ী জানুয়ারি মাসে ৪৭২ জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান করা হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসে পাঠানো তালিকা অনুযায়ী ৪১২ জনকে ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়। কী কারণে ৬০ জনের ভাতার টাকা আসেনি তা জানা নেই।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, ‘এ–সংক্রান্ত কোনো চিঠি আমার দপ্তরে আসেনি। বিষয়টি আমার জানা নেই।’