নীলফামারীতে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের আদালত চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার পরিকল্পনা ছিল বলে র্যাবের দাবি।
আজ শনিবার বিকেলে রংপুর র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার পাঁচজনই নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্য। তাঁরা হলেন নীলফামারী উত্তর মুশরত কুখাপাড়ার আহিদুল ওরফে আহিদ ওরফে পলাশ (২৬), কুচিয়ামোড় পাঠানপাড়া এলাকার ওয়াহেদ আলী ওরফে আবদুর রহমান (৩০), দক্ষিণ বালাপাড়া এলাকার আবদুল্লাহ আল মামুন ওরফে ডা. সুজা (২৬), উত্তর মুশরত কুখাপাড়া এলাকার জাহিদুল ইসলাম ওরফে জাহিদ ওরফে জোবায়ের (২৭) ও সোনারাই কাচারিপাড়া এলাকার নূর আমিন ওরফে সবুজ (২৮)। তাঁদের মধ্যে আহিদুল ওরফে আহিদ ওরফে পলাশ রংপুর অঞ্চলের জেএমবির সামরিক শাখার প্রধান। তাঁদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, একটি অস্ত্র, একটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গ্রেপ্তার জঙ্গিরা জেএমবির সামরিক শাখার সদস্য। সামরিক শাখার কার্যক্রমের অংশ হিসেবে তাঁরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও আইইডি তৈরির অনুশীলন করছিলেন। দু-তিন মাস আগে গ্রেপ্তার আহিদুলের বাড়িতে আইইডি তৈরির সময় বিস্ফোরণ ঘটে বাড়িতে আগুন ধরে যায়। তাঁরা ইন্টারনেট দেখে বোমা তৈরির বিষয়ে শেখেন। জেলখানায় বন্দী শীর্ষ জঙ্গিদের আদালতে আনা-নেওয়ার পথে হামলা চালিয়ে তাঁদের মুক্ত করার পরিকল্পনা তাঁদের ছিল। তাঁদের মাধ্যমে শ্রমিক, অটোরিকশাচালক, টেইলারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ২০ থেকে ২৫ জনকে জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্ত করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার আহিদুল খেলনা প্রস্তুতকারী কোম্পানির কোয়ালিটি চেকার চাকরির আড়ালে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ত। তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০১৫ সালে তিনি জেএমবিতে যোগ দেন। গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন ওরফে ডা. সুজা একজন গ্রাম্য চিকিৎসক। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এমএটিএস। গ্রেপ্তার জাহিদুল খেলনা তৈরি প্রতিষ্ঠানের সুপারভাইজার। তিনি দাখিল পাস। নূর আমিন বেসরকারি চাকরিজীবী। শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যন্ত। অন্যরাও বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত।
র্যাব জঙ্গি আস্তানা সন্দেহে আজ সকাল থেকে নীলফামারীর একটি বাড়ি ঘিরে রাখে। সেখান থেকে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করা হয়।