আদালতে আরও দুজনের স্বীকারোক্তি, মামলা পিবিআইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জবানবন্দী গ্রহণ শেষে আদালত থেকে দুই আসামি আনোয়ার হোসেন ও নুর হোসেনকে কারাগারে নেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে ৩৭ বছরের নারীকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোছলেহ উদ্দিন পর্যায়ক্রমে দুই আসামি আনোয়ার হোসেন ওরফে সোহাগ (২১) ও নুর হোসেন ওরফে রাসেলের (৩০) জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডের পর আদালতের নির্দেশে আসামিদের শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ। সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে তিনি বলেন, দুই আসামি নারীকে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, দুই আসামির কেউই মামলার এজহারভুক্ত ছিলেন না। তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁদের গ্রেপ্তার করে গত বুধবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময়ও তাঁরা অকপটে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। জবানবন্দি রেকর্ড শেষে দুই আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নারীকে নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া মামলা দুটি পিবিআই তদন্ত করবে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে মামলা দুটির যাবতীয় কার্যক্রম পিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পরই পিবিআই কর্মকর্তারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক বেগমগঞ্জ থানার মামলা নম্বর–৫ (পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন) ও বেগমগঞ্জ থানার মামলা নম্বর-৬ (নারী ও শিশু নির্যাতন দমন আইন) পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে।

পিবিআইয়ের নোয়াখালী কার্যালয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, মামলা হস্তান্তরসংক্রান্ত পুলিশ সদর দপ্তরের একটি নির্দেশনা বৃহস্পতিবার তাঁরা পেয়েছেন। তবে মামলার কাগজপত্র এখনো তাঁরা বুঝে নেননি। অল্প সময়ের মধ্যে সবকিছু বুঝে নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, মামলা হস্তান্তরের ফাইলপত্র প্রস্তুত করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই তা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। তবে বৃহস্পতিবার থেকেই পিবিআই তদন্তের সঙ্গে যুক্ত হয়েছে। সংস্থাটির কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নারীকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা, নির্যাতন ও ভিডিও চিত্র ধারণের ঘটনাটি ভাইরাল হওয়ার পর গত রোববার রাতে বেগমগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের শিকার নারী বাদী হয়ে একলাশপুরের সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান সহযোগী নুর হোসেন ওরফে বাদলকে প্রধান আসামি ও ৯ জনের নাম উল্লেখ করে মামলা দুটি করেন। মামলায় আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর বেগমগঞ্জ থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের অন্তত পাঁচটি টিম এবং র‌্যাব ও পিবিআই আসামিদের ধরতে মাঠে নামে। মামলা দায়েরের দিনই গ্রেপ্তার করা হয় এজাহারভুক্ত ২ নম্বর ও ৯ নম্বর আসামিকে। এরপর একে একে ধরা পড়েন আরও ৯ জন আসামি। গ্রেপ্তার আসামিদের মধ্যে পুলিশ সাতজন, র‌্যাব তিন ও পিবিআই একজনকে গ্রেপ্তার করে।

এর মধ্যে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারও রয়েছেন। যাঁর নাম নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের মামলায় না থাকলেও পরবর্তী সময়ে নারীর দায়ের করা দুই দফায় ধর্ষণের মামলায় রয়েছে। ওই মামলায় দেলোয়ার প্রধান আসামি। তিন মামলায় গ্রেপ্তার হওয়া ১১ জন আসামির মধ্যে ৬ জন এজাহারভুক্ত আসামি, আর ৫ জন গ্রেপ্তার হয়েছেন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিন মামলায় গ্রেপ্তার ১১ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নারী নির্যাতন মামলার এ পর্যন্ত চারজন আসামি আবদুর রহিম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও নুর হোসেন ওরফে রাসেল পৃথক আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।