আদালতে স্বীকারোক্তি দিলেন এক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরহান উদ্দিন।
সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা মামলায় প্রথমবারের মতো এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল রোববার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়।

আসামির নাম আমজাদ হোসেন ওরফে মাসুদ (৩৩)। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মুজাক্কির। বুরহান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পরদিন ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি বুরহানের বাবা নুরুল হুদা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। তবে ওই মামলা সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। জবানবন্দি দেওয়া আসামি আমজাদ মিজানুর রহমানের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্র জানায়, হত্যা মামলায় এ পর্যন্ত আওয়ামী লীগের দুই পক্ষের সন্দেহভাজন কমপক্ষে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কারও কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য উদ্‌ঘাটন করা যায়নি। আমজাদ ছাড়া কেউ আদালতে স্বীকারোক্তি দেননি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সন্দেহভাজন আসামি হিসেবে গত শনিবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের মোল্লারটেক এলাকা থেকে আমজাদ হোসেনকে আটক করা হয়। আটকের পর পিবিআই কার্যালয়ে এনে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে আমজাদ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। রোববার দুপুরে আটক আমজাদকে বুরহান উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ হোসেন তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালতের নির্দেশে আমজাদকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরিদর্শক মোস্তাফিজুর রহমান আরও বলেন, জবানবন্দিতে আমজাদ হোসেন সাংবাদিক বুরহান হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমজাদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি মিজানুর রহমানের অনুসারী।

প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। তিনি বলেন, আমজাদ তাঁর অনুসারী ছিলেন। তবে তাঁর বাড়িতে হামলার দিন (১৯ ফেব্রুয়ারি) আমজাদও প্রতিপক্ষের সঙ্গে এসেছিলেন। আদালতে তিনি যদি জবানবন্দি দিয়ে থাকেন এবং পুলিশ যদি তা প্রমাণ করতে পারে, তাহলে ভালো। তাঁরা চান বুরহান উদ্দিনের হত্যাকারী যেই হোক তাঁর বিচার হোক।