আদালতে হত্যা মামলার পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের বেলকুচিতে মৃত্যুর চার মাস পর মরিয়ম খাতুন নামের এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ–সংক্রান্ত মামলার পর আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য আজ বুধবার লাশটি কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।

মরিয়ম খাতুন উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। দুপুরে আদালতের নির্দেশে মরদেহটি উত্তোলনের সময় বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়া, চিকিত্সক তারেক আজিজ উপস্থিত ছিলেন।

মরিয়মের মৃত্যু স্বাভাবিক নয় উল্লেখ করে তাঁর মা সেলিনা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন। এরপর আদালত লাশটির পুনরায় ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।

মরিয়মের মা সেলিনা বেগম বলেন, তাঁর মেয়েকে গত বছরের ১৭ অক্টোবর রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ১৮ অক্টোবর তিনি বেলকুচি থানায় হত্যা মামলা করেন। এর এক মাস পর জানতে পারেন থানা হত্যা মামলা না নিয়ে সেটি একটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করেছে। এ কারণে তিনি ন্যায়বিচার পেতে আদালতে মামলা করেন।

ইউএনও আনিসুর রহমান বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।