আদালতের আদেশ অমান্য করে চলছে নির্মাণকাজ

জমির নতুন মালিক বহুতল ভবন নির্মাণ করবেন বলে আগের ব্যবসায়ীদের উচ্ছেদের চেষ্টা করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল বিপণিবিতানের নির্মাণকাজ চলছে। এতে করে ওই জমিতে আগে থেকে থাকা ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক আতঙ্কে দিন পার করছেন। ওই ব্যবসায়ীদের আবেদনের পরই আদালত থেকে বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছিল।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৫ বছর আগে মালেক মিঞা অ্যাভিনিউয়ের ওই জমির পজিশন বিক্রি করা হয়। স্থানীয় ১৪ ব্যবসায়ী পজিশন কিনে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করেন। পজিশন কেনার দলিলও তাঁদের রয়েছে। কেউ ফটোকপি, কেউ স্টেশনারি, কেউ খাবারের হোটেলের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। কয়েক সপ্তাহ আগে তাঁরা জানতে পারেন, জমির মালিকানার পরিবর্তন হয়েছে। নতুন মালিক বহুতল ভবন নির্মাণ করবেন। তাঁদের উচ্ছেদ করে দেওয়া হবে।

এরপর পাংশা সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞার আবেদন করে মামলা করেন ওই ব্যবসায়ীরা। ২৭ মার্চ আদালতের বিচারক ব্যবসায়ীদের পক্ষে স্থিতাবস্থার রায় দেন। রায়ে নির্মাণকাজ বন্ধ রাখতে আদেশ দেওয়া হয়। কিন্তু নতুন মালিক আদালতের আদেশ অমান্য করে বহুতল ভবনের নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।

সরেজমিনে দেখা যায়, পাংশা পৌর শহরের সাবরেজিস্ট্রি অফিসের বিপরীত পাশে মালেক মিঞা অ্যাভিনিউ। রাস্তার পাশ দিয়ে টিনশেডের বিভিন্ন ধরনের দোকান। দোকানগুলোর এক পাশে একটি বড় সাইনবোর্ড টাঙানো রয়েছে। এতে লেখা রয়েছে ‘বিসমিল্লাহ টাওয়ার সাহেরা প্লাজা’। ওই নামেই দোকানগুলোর পেছনে বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছেন। দুটি খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি খনন চলছে। এসব মাটি পাশের রেলওয়ের পরিত্যক্ত পুকুরে ফেলা হচ্ছে। রাস্তার পাশে থাকা দোকানগুলোর পেছন থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে যেকোনো সময় দোকানগুলোর ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

ওই জমিতে থাকা খাবারের হোটেল ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘আমার রাঁধুনি নামে খাবারের হোটেলের ব্যবসা। ১৫ বছর আগে জমির পজিশন কিনেছি। প্রথমে কম্পিউটারের দোকান ছিল। আট বছর ধরে হোটেল পরিচালনা করি। হোটেলের আয় থেকে সন্তান-পরিজন নিয়ে বেঁচে আছি। এখন আমি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি।’

আবদুল আলীম নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘আমি ১৫ বছর আগে পজিশন কিনেছি। পজিশনের দাম পরিশোধ করার জন্য ফসলের জমি বিক্রি করেছি। তখন পজিশনের দাম ছিল সাত লাখ টাকা। এখন জমির দাম আগের চেয়ে অনেক বেড়েছে। নতুন মালিক আমাদের পজিশন থেকে উচ্ছেদ করে দিতে চাচ্ছেন। তাঁরা দেশের আইন-আদালত মানছেন না। আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে রয়েছি।’

সুশান্ত কুমার নাগ নামের এক পল্লিচিকিৎসক বলেন, ‘আমিও এই জমির পজিশন কিনেছি। পল্লিচিকিৎসক হিসেবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু এখন আমরা সবাই উচ্ছেদ আতঙ্কে রয়েছি।’

আরেক ব্যবসায়ী পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘এখন আমাদের উচ্ছেদ করে দেওয়া হবে। আমরা কোথায় যাব, কী করব, কিছুই বুঝতে পারছি না। উপায় না দেখে আদালতে গিয়েছি। কিন্তু আদালতের আদেশও অমান্য করা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমির মালিক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলা দায়ের করার পর পুলিশ এসেছিল। তারা সরেজমিনে দেখে গিয়েছে। আমরা আদালতের আদেশ মেনে তাঁদের দোকানের স্থানে কোনো কাজ করছি না। জমিটি মোট তিন দাগে। আমরা অন্য স্থানে কাজ করছি। ৭ এপ্রিল পর্যন্ত আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এরপর আদালতের নির্দেশমতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তবে সব ধরনের নির্মাণকাজের ব্যাপারেই আদালতের স্থিতাবস্থার (নিষেধাজ্ঞা) রয়েছে বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী স্বপন কুমার সোম। কিন্তু জমির মালিক আদালতের আদেশ মানছেন না বলে তিনি অভিযোগ করেন।