আদালতের জারিকারককে হেনস্তার অভিযোগ, কারাগারে প্রবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আদালতের জারিকারককে হেনস্তা করার অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ওই ব্যক্তিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম জমসির আলী (৪৫)। তাঁর বাড়ি উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে। এর আগে গতকাল বুধবার রাতে দিরাই থানা-পুলিশ জমসির আলীকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, জমসির আলী ও তাঁর কয়েকজন আত্মীয় একটি মামলার বিবাদী। সম্প্রতি ওই মামলায় আদালত বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দেন। ১১ ডিসেম্বর আদালতের সমন নিয়ে জারিকারক বিজয় কুমার দাস জমসির আলীর বাড়িতে যান। এ সময় ওই বাড়িতে মামলার ২ নম্বর বিবাদী জমসির আলীর ভাই জাহির আলীর সঙ্গে বিজয় কুমারের দেখা হয়। জাহির আলী জানান, মামলার ৩ নম্বর বিবাদী জমসির আলী যুক্তরাজ্যে আছেন। এ সময় বিজয় কুমারকে আরও কিছু ভুল তথ্য দেওয়া হয়।

পরে বিজয় কুমার ওই বাড়ি থেকে বের হয়ে গ্রামের অন্য লোকজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, জমসির আলী প্রবাসে নয়, বাড়িতেই আছেন। পরে তিনি আবার ওই বাড়িতে গিয়ে জমসির আলীকে পান। তখন তিনি নাম-পরিচয় জানতে চাইলে জমসির আলী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর জমসির আলী বিজয় কুমারকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বিজয় কুমারকে ঘরের ভেতর আটকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় গত মঙ্গলবার বিজয় কুমার আদালতে জমসির আলীর বিরুদ্ধে একটি মামলা করেন। পরে আদালত এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গতকাল রাতে পুলিশ জমসির আলীকে গ্রেপ্তার করে।

সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক মোহাম্মদ সাইফুল আলম বলেন, আজ দুপুরে জমসির আলীকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।