আদালতের নির্দেশ অমান্য করে রাস্তায় বেড়া দিলেন এপিপি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর পূর্ব পাড়ায় একটি রাস্তার প্রায় অর্ধেক দখলে রেখেছে একটি পরিবার। বিরোধপূর্ণ এ রাস্তার জায়গায় স্থিতাবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, সরকারি রেকর্ডভুক্ত ওই রাস্তার প্রায় অর্ধেক বাঁশের বেড়া দিয়ে ২০১৩ সালের অক্টোবরে দখল করে নেয় সুশীল মণ্ডল ওরফে কেলু ডাকালার পরিবার। ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগ, সুশীল মণ্ডলের মেয়ে শোভা মণ্ডল জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হওয়ায় প্রভাব খাটিয়ে এসব করছেন।
সরেজমিনে দেখা গেছে, উত্তর-দক্ষিণমুখী রাস্তাটির পশ্চিম দিকে বাঁশ ও কঞ্চি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। উপস্থিত লোকজন বলেন, সুশীল মণ্ডলের পরিবার এর আগেও রাস্তাটি বন্ধ করে দিয়েছিল। তখন জনপ্রতিনিধিরা তা উদ্ধার করেন। এমনকি গত বছরের অক্টোবরে বিদ্যুতের সঞ্চালন লাইন টানতে বাধা দিয়েছিলেন শোভা মণ্ডল। পরে স্থানীয় প্রশাসন ও সাংসদ ফরহাদ হোসেনের হস্তক্ষেপে সঞ্চালন লাইন টানা হয়।
অবশ্য শোভা মণ্ডল বলেন, এসএ রেকর্ড অনুযায়ী রাস্তার জমির মালিক তাঁর বাবা সুশীল মণ্ডল। আরএস রেকর্ডে ভুল করে তা রাস্তা হিসেবে দেখানো হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, শোভা মণ্ডল ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে তিনটি দাগের যে ৮১ শতক জমি ভোগদখল করে বসবাস করছে, তার মধ্যে ৫৯ শতকের মালিক সরকার। ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা ইউসুফ আলী বলেন, কাগজপত্র অনুযায়ী ২৮২৭ দাগের মালিক আব্দুস সামাদ খাঁ। ২৮২৮ দাগের জমি অর্পিত সম্পত্তি। নিয়মানুযায়ী প্রকৃত মালিক দাবি করলে তাঁকে ফিরিয়ে দেওয়ার নিয়ম আছে। তবে এখন পর্যন্ত কেউ আবেদন করেনি। আর ২৮২৯ দাগের খাসজমির বিষয়টি ভূমি অফিসের নজরদারিতে আছে। নিয়মানুযায়ী খাসজমি ব্যবস্থাপনা কমিটি প্রকৃত ভূমিহীনদের কাছে সেটা বন্দোবস্ত দিতে পারে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শংকর বিশ্বাস বলেন, রাস্তায় বেড়া দেওয়ার বিষয়টি আগে নিষ্পত্তি করে দেওয়া হয়েছিল। শোভা মণ্ডল এবার আদালতের নির্দেশ অমান্য করে রাস্তায় বেড়া দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা বলেন, আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল নন—এমন ব্যক্তি কীভাবে রাষ্ট্রের আইন কর্মকর্তা পদে বহাল থাকেন। আর সত্যিই যদি তিনি অন্য ব্যক্তি ও সরকারের জায়গা দখলে রাখেন, সেটা তদন্ত করে দেখা উচিত। অপর এক বাসিন্দা বলেন, রাজনৈতিক ও পেশাগত প্রভাব খাটিয়ে শোভা মণ্ডল বসতবাড়ির ৮১ শতাংশ জমি দখলে রেখেছেন। এখন আবার সরকারি রাস্তাও দখল করতে চান।