আদালতের বারান্দা থেকে পালাল হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

দিনাজপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে যান ওই আসামি। সন্ধ্যা সাতটা পর্যন্ত ওই আসামির খোঁজ মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পালিয়ে যাওয়া ওই আসামি হলেন দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার মোতাহার হোসেনের ছেলে লুৎফর রহমান (৩৫)। ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে কারাগারে ছিলেন লুৎফর রহমান। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা, চুরিসহ নানা অভিযোগে চারটি মামলা রয়েছে।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় ধার্য তারিখে হাজিরা দিতে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে অন্যান্য আসামিদের সঙ্গে কোর্ট হাজতে আনা হয় লুৎফর রহমানকে। আসামিকে বুঝে নেয় কোর্ট পুলিশ। এরপর এজলাসে ডাক পড়লে পুলিশের দুই সদস্য আসামি লুৎফর রহমানকে সদর আমলি আদালত-১-এ নিয়ে যাওয়ার সময় কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যান তিনি। তাঁকে এজলাসে নেওয়ার সময় হাতে হাতকড়া লাগানো ছিল বলে নিশ্চিত করেছেন পরিদর্শক মনিরুজ্জামান। দিনভর আদালত চত্বরসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পুলিশ।

সন্ধ্যায় সব আসামির হিসাব নিতে গিয়ে কোর্ট পুলিশ নিশ্চিত হয়, আসামি লুৎফর রহমান অনুপস্থিত। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ মে আউলিয়াপুর এলাকায় হত্যার শিকার হন মো. আরিফুল ইসলাম। ঘটনার দিনই আরিফুলের বাবা মো. ওহাবউদ্দিন হত্যার অভিযোগে লুৎফর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ পাঁচ আসামিকেই গ্রেপ্তার করে। ছয় মাস আগে ওই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার উপপরিদর্শক জাহিদ হাসান।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় কারাগার থেকে মোট ৪৭ জন আসামিকে আদালতে আনা হয়। যথারীতি হিসাব মিলিয়ে কোর্ট হাজতে রাখা হয় আসামিদের। সেখান থেকে পুলিশি পাহারায় বিভিন্নজনকে আদালতে নেওয়া হয়। দুপুর ১২টায় তিনি জানতে পারেন, একজন আসামি এজলাসে নেই। পরে সব আদালতে খোঁজ করতে শুরু করেন। আদালত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সন্ধ্যায় সব আসামির হিসাব নিতে গিয়ে নিশ্চিত হন, আসামি লুৎফর রহমান অনুপস্থিত। পুলিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করা হবে।