আদালতের সামনে পড়া শতাধিক মানুষের হাতেই ছিল প্রেসক্রিপশন
বেলা সাড়ে ১১টা। ভৈরবের দুর্জয় ভৈরব ভাস্কর্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করা ভ্রাম্যমাণ আদালতের ইশারায় মোটরসাইকেল থামান এক আরোহী। তাঁর কাছে ঘরের বাইরে বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।
‘বোন অসুস্থ। ওষুধ কিনতে ফার্মেসির খোঁজে এসেছেন’—ওই আরোহীর এমন উত্তরের পর দেখা যায়, তিনি অন্তত পাঁচ কিলোমিটার পাড়ি দিয়ে এসেছেন। পথে ফার্মেসিও ফেলে এসেছেন শতাধিক।
এ ঘটনার কয়েক মিনিটের ব্যবধানে আরও কয়েকজনকে থামান ভ্রাম্যমাণ আদালত। তাঁর হাতেও ওষুধের প্রেসক্রিপশন। পরে আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার ও আজ সোমবার দুপুর পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আদালতের মুখোমুখি করা হয়েছে। যাঁদের হাতে ছিল ওষুধের প্রেসক্রিপশন।
এই আদালতের বিচারকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। গত কয়েক দিনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, লকডাউনের যতই দিন যাচ্ছে, ততই বাইকের আরোহী কিংবা পথচারী পাওয়া যাচ্ছে। যাঁদের হাতে থাকে ওষুধের প্রেসক্রিপশন। তাঁদের বেশির ভাগই বলেছেন, হাসপাতালে যাবেন, ফার্মেসি থেকে ওষুধ কিনবেন, রক্তদান করবেন কিংবা রোগী দেখতে আত্মীয়ের বাড়ি যাবেন।
অপর একটি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খীসা। তিনিও একই রকম অভিজ্ঞতার কথা জানান।
আদালত সূত্র জানায়, তরুণদের একটি অংশ বাইকে করে চলাফেরা করছেন। অনেকের মুখে মাস্কও নেই। কেউ কেউ আবার একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সড়কে নেমে পড়েছেন। এবারের লকডাউনে উপজেলার পাঁচটি পয়েন্টে স্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেনা, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় দিনে একাধিক ভ্রাম্যমাণ দল কাজ করছে। এরপরও বাইরে মানুষের ঘোরাঘুরি বন্ধ করা যাচ্ছে না।
কিশোরগঞ্জ জেলায় করোনার হটস্পট বলা হচ্ছে ভৈরবকে। নমুনা, আক্রান্ত, মৃত্যু—এই তিন সূচকে এক বছর ধরে ভৈরব কিশোরগঞ্জ জেলার শীর্ষে ছিল। গতকাল রোববারও আক্রান্তের হার ছিল ৮১ শতাংশ।
আজ দুপুর পৌনে ১২টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাস থামান পুলিশের এক সদস্য। গ্লাস নামিয়ে এক আরোহী জানান, তিনি নরসিংদীর মাধবদী যাচ্ছেন। তাঁর খালা অসুস্থ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে আনা হয়। তাঁর খালার অসুস্থতার প্রমাণ না পাওয়ায় ২০০ টাকা জরিমানা করা হয়।
প্রায় একই সময়ে আরও দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হয়। ওষুধ কেনার কথা বললেও কী ওষুধ কিনতে যাচ্ছেন, তা বলতে পারেননি। পরে তাঁদেরও জরিমানা করা হয়।
এদিকে সড়কে টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বিভিন্ন সময় কয়েকটি অ্যাম্বুলেন্স থামান। এর বেশির ভাগ অ্যাম্বুলেন্সের সামনের সারিতে আরোহী থাকলেও রোগীর শয্যা ছিল ফাঁকা। তখন আরোহীরা বলেছেন, রোগী আনতে তাঁরা ঢাকায় যাচ্ছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনও এমন অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘মহাসড়কে আর কিছু দেখি না। শুধু অ্যাম্বুলেন্স দেখি। আবার কিছু অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী দেখি না, আরোহী দেখি।’