আদিতমারী সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার বারঘড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সুবল চন্দ্র রায় (৩০)। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুবল স্থানীয় কয়েকজন রাখালের সঙ্গে মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে ভারত থেকে গরু আনতে যান। মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার সময় তিনি গরু নিয়ে সীমান্তের ৯২০ ও ৯২১ নম্বর প্রধান পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ভারতের কোচবিহার জেলার কইমারী ১৪০ বিএসএফ বিওপি ক্যাম্পের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সুবলের লাশ উদ্ধার করে কোচবিহার জেলার সিতাই থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আজ ভোরে নিহত সুবল চন্দ্র রায়ের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে মুঠোফোনে ঘটনাটি জানায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় সুবল চন্দ্র রায় নামের এক বাংলাদেশি যুবক বিএসএফের সদস্যদের গুলিতে নিহত হয়েছেন বলে লোকমুখে শুনেছি।’

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত তিনটার পরে বারঘড়ি সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় লোকজনের মাধ্যমে ওই সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে শুনেছি। এরপর ভারতের সংশ্লিষ্ট বিএসএফ বিওপি ক্যাম্পে জানতে চাইলে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি স্বীকার করা হয়নি। আমরা সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছি।’