আদিয়াতকে কে দেখবে?

তখন ভোররাত সাড়ে তিনটা। আগুন, আগুন চিৎকারে ঘুম ভাঙে স্বামী সৈয়দ হোসেন (৩৫) ও স্ত্রী নাহিদা সুলতানার (২৬)। দুই বছরের ছেলে আদিয়াত হোসেনকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। বাইরে এসে দেখেন, পাশের বাড়িতে আগুন জ্বলছে। চারদিকে হইহুল্লোড়, চিৎকার। ছেলেকে একজনের কাছে রেখে স্বামী-স্ত্রী দুজনেই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাঁদের একতলা বাড়ির সামনের অংশেও।
বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করে নিজ ঘরে ঢোকেন নাহিদা। অন্যদের বলে যান শিক্ষাগত যোগ্যতার সনদগুলো আলমারি থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও স্ত্রী বের হচ্ছেন না দেখে ঘরে ছুটে যান স্বামীও। শেষ পর্যন্ত দুজনেরই কেউ আর ঘর থেকে জীবিত বের হয়ে আসতে পারেননি।
গতকাল রোববার ভোরে চট্টগ্রাম নগরের বলিরহাট এলাকার শাহজীপাড়ার দুলা সারেংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান সৈয়দ হোসেন ও তাঁর স্ত্রী। আগুনে ছয়টি কাঁচা বসতঘর ও একটি একতলা ভবনের একাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রান্নাঘরের চুলা থেকে এই আগুন ছড়িয়েছে।
সৈয়দ হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের অফিস সহকারী ছিলেন। স্ত্রী নাহিদা সুলতানা সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ছিলেন। মা-বাবা ছাড়া দুই বছরের শিশু আদিয়াতের সামনের দিনগুলো কীভাবে যাবে তা নিয়ে চিন্তিত স্বজনেরা।
গতকাল বেলা একটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পোড়া ঘরের বারান্দায় বিলাপ করছিলেন নিহত সৈয়দ হোসেনের মা নূর বানু। কাঁদতে কাঁদতে একপর্যায়ে নির্বাক হয়ে পড়েন তিনি। এ সময় ভিড়ের মধ্যে কেউ একজন আদিয়াতকে দাদির কোলে তুলে দেয়। নাতিকে দেখে আবার আর্তনাদ করে কেঁদে ওঠেন তিনি। আহাজারি করতে থাকেন, ‘ও পুত তুই হন্ডে গেলি। আঁরে ফেলাই ক্যানে গেলিগুই। তোর পোয়ার কী অইবু। তারে হনে চাইবু’ (ও ছেলে, তুই কই গেলি। আমাকে ফেলে কেমন করে চলে গেলি। তোর ছেলের কী হবে? তাকে কে দেখবে?)। দাদির আহাজারি শুনেই হয়তো চিৎকার করে কাঁদতে শুরু করে আদিয়াতও। নূর বানুকে সান্ত্বনা দিতে আসা স্বজন ও প্রতিবেশীরাও আর নিজেদের সামলে রাখতে পারেননি। তখন সবার চোখে পানি, কেউ আড়ালে চোখ মুছছেন, কেউ নিজেকে স্বাভাবিক রাখতে ভিড় থেকে একটু আড়ালে চলে যান।

আগুনে ক্ষতিগ্রস্ত একতলা ভবনের একটি কক্ষে পরিবার নিয়ে থাকতেন সৈয়দ হোসেন। আগুনে ঘরের দরজা পুড়ে কয়লা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের জানালা ও বাইরের দেয়াল। ভেতরের দেয়াল ধোঁয়ায় কালো হয়ে আছে। এই ভবনের অন্য কক্ষে সৈয়দ হোসেনের ছোট ভাই আকবর হোসেন পরিবার নিয়ে থাকেন। এ ঘরটি আগুনের তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে।
আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভাই ও ভাবিকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করতে ঘরে ঢুকতে দেখেছি। কিন্তু ওই মুহূর্তে হুড়োহুড়ির মধ্যে থাকায় তাঁরা ঘর থেকে বের হয়েছেন কি না সেটি খেয়াল করিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঢোকার পর বিষয়টি টের পাই।’
আরেক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, সৈয়দ হোসেন ও তাঁর স্ত্রী আগুন নেভাতে তৎপর ছিলেন। অন্যদের মতো তাঁরা দুজনও কখনো ভবনের ছাদে উঠে কখনো নিচে দাঁড়িয়ে আগুনে পুড়তে থাকা ঘরগুলোতে পানিও ছোড়েন।
এদিকে ছোট বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পারুল আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘গতকালও (শনিবার) বোনের বাড়িতে এসেছিলাম। একসঙ্গে দুপুরের খাবার খেয়েছিলাম। কিন্তু আজ (রোববার) সকালে শুনি বোন ও তার জামাই আর নেই।’
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর শুনে কালুরঘাট ও লামাবাজার ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। সাড়ে চারটার দিকে আগুন নেভানো হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঢুকে সৈয়দ হোসেন ও তাঁর স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পান। তাঁদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের শরীরের কোথাও পোড়া চিহ্ন ছিল না। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁরা মারা গেছেন বলে চিকিৎসকেরা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন।